পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা উঠলেই মালিকেরা বলেন, সর্বনাশ হয়ে যাবে। ব্যবসা অন্য দেশে চলে যাবে। তবে এটি সত্য নয়, বরং শিল্প খাতটিকে টিকিয়ে রাখতে চাইলে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে। আর মজুরি শুধু মূল্যস্ফীতি সমন্বয় নয়, জীবনযাত্রার ব্যয়সহ সব দিক বিবেচনায় নিয়েই নির্ধারণ করা উচিত।
‘চিন্তার চাষ’ নামের গবেষণা সংগঠন আয়োজিত ‘বিশ্বায়নের প্রেক্ষাপটে বাংলাদেশের পোশাকশিল্প ও শ্রমের অধিকার’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এমন অভিমত দেন। তাঁদের মতে, মজুরি বৃদ্ধি হলেই উৎপাদনশীলতা বাড়বে। আর এটি হলেই কেবল ভবিষ্যতের বিরাট সম্ভাবনা বা সুযোগকে কাজে লাগানো যাবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবে গতকাল শনিবার অনুষ্ঠিত এই আলোচনায় মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ আই মাহবুব উদ্দিন আহমেদ। এতে মজুরি বৃদ্ধি ছাড়াও সংশোধিত শ্রম আইনের সীমাবদ্ধতা, শ্রমিক নিরাপত্তা, শ্রমিকদের প্রতি মালিকদের মনোভাব, বিদেশি ক্রেতাদের সঙ্গে দর-কষাকষি ও বাংলাদেশের ব্র্যান্ডিং নিয়ে আলোচনা হয়।
কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে সংলাপের দরকার। একই সঙ্গে পোশাকশিল্প নিয়েও বড় সংলাপ প্রয়োজন। রাজনীতির চেয়েও এটি বেশি দরকার। কারণ শিল্পটি ধ্বংস হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আমাদের মর্যাদাহানি হবে।’
সৈয়দ আবুল মকসুদ আরও বলেন, ‘পোশাকশ্রমিকদের মজুরি ৮ থেকে ১০ হাজার টাকা হওয়া উচিত। বাংলাদেশের বাজারদরে বর্তমানে এই টাকার নিচে চলা সম্ভব না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, ১০০ ডলার রপ্তানি করে মালিকেরা দুই ডলার মুনাফা করেন। এই মুনাফার ২৫ শতাংশ (৫০ সেন্ট) যদি মালিকেরা ছেড়ে দেন, তবে খুব সহজেই আট হাজার টাকা মজুরি দেওয়া যায়।
এম এম আকাশ আরও বলেন, চীন ও ভারতে বতর্মানে মাসিক নিম্নতম মজুরি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। এখন তারা এই মজুরির সঙ্গে সমন্বয় হয় না এমন কার্যাদেশ আর নিচ্ছেন না। ফলে সেই সুযোগ বাংলাদেশ নিতে পারে।
শ্রমিকদের ভাগ্য উন্নয়ন না হওয়ার জন্য মালিকদের দোষারোপ করে হিউম্যান রাইটস মুভমেন্টের মহাসচিব তুসার রেহমান বলেন, ‘শিল্পমালিকেরা এ সময় মোটরবাইক দিয়ে শুরু করে আজ বিএমডব্লিউ ও ক্যাডিলাক গাড়ির মালিক হয়েছেন। কিন্তু শ্রমিকেরা একটি বাইসাইকেলের মালিকও হতে পারেননি।’
সংশোধিত শ্রম আইনের সমালোচনা করে নিম্নতম মজুরি বোর্ডের সাবেক চেয়ারম্যান ইকতেদার আহমেদ বলেন, শ্রমিকেরা আগে মুনাফার অংশীদার ছিল। সংশোধিত আইনে রপ্তানিমুখী শিল্পকে এটি বাদ দেওয়া হয়েছে। কিন্তু এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তিনি আরও বলেন, রপ্তানিতে মালিকেরা অনেক প্রণোদনা পান। তবে শ্রমিকেরা শিল্পের অংশীদার হয়েও কিছু পায় না।
গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভানেত্রী তাসলিমা আক্তার বলেন, পোশাকশ্রমিকদের নিয়ে চিন্তাভাবনা করার জন্য শ্রমিকদের অনেক রক্ত দিতে হয়েছে। তিনি বলেন, ‘মালিকেরা মুনাফা করতে করতে এমন পর্যায়ে চলে গেছেন যে উৎপাদনশীলতার জন্য মজুরি বৃদ্ধি দরকার, সেটি তাঁরা বুঝতে চান না।’
বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, অনেক মালিক মানবেতর জীবনযাপন করেন। কিছু মালিক ক্যাডিলাক গাড়িতে চড়লেও অনেকেই রিকশায় যাতায়াত করেন। এগুলোও হিসাবে নেওয়া উচিত। শ্রমিকদের পাশাপাশি মালিকেরাও দাসত্বের শিকার।
পোশাকশিল্পকে এগিয়ে নিতে মালিকদের উদ্দেশে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বিদেশি ক্রেতাদের সঙ্গে দর-কষাকষির দক্ষতা বাড়াতে হবে। আর সবার অবদান স্বীকার করতে হবে।’
গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে এ এম সা’দউদ্দিন আহমেদ ও শফিক উজ জামান, চিন্তার চাষের চেয়ারম্যান শফিকুর রহমান ও নির্বাহী পরিচালক শেখ মুহাম্মদ মেসবাহ্ আর রহমান, পিপলস ইউনিভার্সিটির শিক্ষক মালিহা মেহনাজ শায়েরী, শ্রমিকনেতা বাহারানে সুলতান প্রমুখ।