মজুরি বাড়ানোর দাবিতে খুলনায় জুট প্রেসের শ্রমিকদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ১৪টি জুট প্রেসের (কাঁচাপাট রপ্তানিকারক) শ্রমিকেরা তাঁদের মজুরি বাড়ানোর দাবিতে গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন।শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে নির্ধারিত সময়ে পাট রপ্তানি করতে না পারলে ক্রেতারা তাঁদের অর্ডার বাতিল করতে পারেন বলে রপ্তানিকারকেরা আশঙ্কা প্রকাশ করেছেন। খুলনা অঞ্চলের জুট প্রেসের শ্রমিকেরাও একই দাবিতে গত ১৮ অক্টোবর থেকে প্রায় দুই সপ্তাহ ধরে ধর্মঘট পালন করেন।খুলনা মহানগরের দৌলতপুর থেকে মংলা ও চট্টগ্রাম বন্দর দিয়ে উন্নত বিশ্বের বিভিন্ন দেশে পাট রপ্তানি করা হয়।খুলনার দৌলতপুরের খান ব্রাদার্স, খুলনা ইন্ডাস্ট্রিজ জুট প্রেস, নিউ স্ট্যান্ডার্ড জুট প্রেস, এম কে জুট প্রেস, জেএমসি জুট প্রেস-১, জেএমসি জুট প্রেস-২, হেলাল জুট প্রেস, র‌্যালি ব্রাদার্স জুট প্রেস, শাহ চন্দ্রপুরী জুট প্রেস, ইউনাইটেড জুট প্রেস, ফরিদপুর জুট প্রেস, পপুলার জুট প্রেস, ঈশ্বর জুট প্রেস ও ইস্পাহানি জুট প্রেসের শ্রমিকেরা ধর্মঘট পালন করছেন।জুট প্রেস বেলিং-শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, মজুরি বাড়ানোর বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল। কিন্তু শ্রমিকেরা অধৈর্য হয়ে ধর্মঘট পালন করছে।মজুরি বাস্তবায়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন বলেন, ‘আমাদের দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে।’ জুট প্রেস অ্যাসোসিয়েশনের খুলনা শাখার আহ্বায়ক শেখ কওছার আলী প্রথম আলোকে বলেন, ‘মজুরি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। আগামী বুধবার আবার আলোচনার কথা রয়েছে। আশা করছি, তখন একটা ইতিবাচক ফলাফল আসবে।’