মজুরি বাড়ানোর দাবিতে সৈয়দপুরে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলন
মজুরি বাড়ানোর দাবিতে সৈয়দপুরে তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। এ পরিস্থিতিতে গত রোববার তিনটি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। গতকাল সোমবারও অচলাবস্থা কাটেনি।শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে সৈয়দপুরে বিভিন্ন পোশাক কারখানায় ছয় হাজার শ্রমিক কর্মরত রয়েছেন। কিন্তু মালিকেরা এসব শ্র্রমিককে ন্যায্য মজুরি দিচ্ছেন না। তাঁরা অভিযোগ করে বলেন, বর্তমানে একটি ফুলপ্যান্ট ও হাফপ্যান্ট তৈরি করলে শ্রমিককে মজুরি দেওয়া হয় মাত্র তিন থেকে ১২ টাকা। তাঁরা ফুলপ্যান্ট ও হাফপ্যান্ট তৈরিতে গড়ে পাঁচ টাকা মজুরি বাড়ানোর দাবি করেন।শ্রমিক নেতারা জানান, দাবি মানা না হলে আন্দোলনরত শ্রমিকেরা কাজে যোগ দেবেন না। বরং দু-এক দিনের মধ্যে শহরের শতাধিক তৈরি পোশাক কারখানায় আন্দোলন ছড়িয়ে পড়বে। এ ব্যাপারে সৈয়দপুর রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির সভাপতি আখতার হোসেন খান প্রথম আলোক বলেন, ‘মালিকদের সভা ডেকে সুষ্ঠু সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’