মজুরি বৃদ্ধি পোশাকশিল্পের সক্ষমতা কমায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন (ডানে) অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ l ছবি: প্রথম আলো
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন (ডানে) অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ l ছবি: প্রথম আলো

শ্রমিকদের মজুরি বৃদ্ধির কারণে তৈরি পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতাও কমেনি। যদিও মজুরি বাড়ানোর আগে পোশাকমালিকেরা বলেছিলেন, এতে তাঁদের প্রতিযোগিতার সক্ষমতা কমে যাবে। তারপরও বিদেশি ক্রেতারা মুনাফা কিছুটা কমিয়ে নিলে পোশাকশ্রমিকদের মজুরি আরও বাড়ানো যেত। যদিও অধিকাংশ পোশাক কারখানারই দর-কষাকষির ক্ষমতা নেই। এমন তথ্যই উঠে এসেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক গবেষণায়।
পোশাকশিল্পের মজুরি বৃদ্ধিতে ও কর্মপরিবেশ উন্নতিতে খাতসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অবদান শীর্ষক গবেষণাটি করেছেন বিআইডিএসের জ্যেষ্ঠ গবেষক নাজনীন আহমেদ ও ভারতের ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্টের দেভ নাথান। রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএসের প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।
কর্মসংস্থান ও শ্রমবাজার নিয়ে বিআইডিএসের গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান পরিচালিত আরেক গবেষণায় বলা হয়েছে, কৃষি খাতে প্রকৃত মজুরি বাড়লেও তা দিয়ে আগের চেয়ে কম চাল কেনা যায়। ২০১২ সালে এ খাতে একজন পুরুষ শ্রমিকের দৈনিক দৃশ্যমান (নমিনাল) আয় ছিল ২৬০ টাকা। এ টাকা দিয়ে তখন ৮ দশমিক ৩২ কেজি চাল কেনা যেত। পরের তিন বছরে মজুরি বেড়েছে। কিন্তু আগের পরিমাণ চাল কেনা যায় না। ২০১৫ সালে একজন কৃষিশ্রমিকের দৈনিক মজুরি ২৯২ টাকায় উন্নীত হয়েছে। এ টাকা দিয়ে মাত্র ৬ কেজি ৭১০ গ্রাম চাল কেনা যায়।
একই অনুষ্ঠানে দুটি অধিবেশনে আরও পাঁচটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। গত এক বছরে কাজগুলো করেছে বিআইডিএস। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান। আরও ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ ও হোসেন জিল্লুর রহমান। সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুরশিদ।
২০০৬ সালের তথ্য দিয়ে নাজনীন আহমেদ বলেন, পুরুষের একটি পলো শার্টের খুচরা বিক্রয় মূল্য ২৩ মার্কিন ডলার। এটির এফওবি মূল্য আড়াই ডলার। অর্থাৎ বাংলাদেশের পোশাক কারখানার মালিক এই অর্থ পান। এর মধ্যে শ্রমিকদের জন্য ব্যয় হয় সর্বোচ্চ ১০ দশমিক ৮ শতাংশ। অবশ্য শ্রমিকদের নিম্নতম মজুরি তখন ১ হাজার ৬৬২ টাকা হলেও জীবনধারণের জন্য উপযোগী ৫ হাজার টাকা ধরে এই হিসাবটি করা হয়। আর ক্রেতার দিক থেকে হিসাব করলে পোশাকটির খুচরা মূল্যের মাত্র ১-৩ শতাংশ শ্রমিকের মজুরির জন্য ব্যয় হয়।
বিআইডিএসের এই গবেষক বলেন, ‘দেশে ২ হাজার বা তার বেশি শ্রমিক আছে এমন বড় কারখানার সংখ্যা ১ হাজার। এসব কারখানাই মূলত ক্রেতাদের কাছ থেকে সরাসরি ক্রয়াদেশ আনে। এরাই কর্মপরিবেশ উন্নয়নে এগিয়ে আছে। এর বাইরে মধ্যম আকারের কিছু কারখানা আছে, যেখানে ক্রেতারা বড়দের কাছে ব্যর্থ হলে সরাসরি ক্রয়াদেশ দেয়। অন্যথায় তারা বড় কারখানাগুলোর ঠিকা কাজ করে।’
গবেষণায় বলা হয়েছে, তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির পাশাপাশি কর্মপরিবেশের অনেক উন্নতি হয়েছে। তবে মূল্যস্ফীতি হিসাবে নিলে ২০১৩ সালে ঘোষিত কাঠামোতে শ্রমিকদের প্রকৃত মজুরি বেড়েছে মাত্র ৩৭ দশমিক ২৫ শতাংশ। সর্বনিম্ন মজুরি এখন ৫ হাজার ৩০০ টাকা। এটি এখনো কম্বোডিয়া, ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের চেয়ে কম।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, দর-কষাকষির বিষয়টি পোশাকমালিকেরা নিজেরাই করছেন। অবশ্য মালিকদের সংগঠন বিজিএমইএর কণ্ঠস্বর এ বিষয়ে উচ্চকিত নয়। তাদের কণ্ঠস্বরটি অনেকটা আধা রাজনৈতিক (সেমি পলিটিক্যাল)। তবে তাদের মনে রাখতে হবে, তারা কেবল বড় কারখানার সংগঠন নয়। ক্রেতাদের সঙ্গে দর-কষাকষির বিষয়ে বিজিএমইএর ভূমিকা নিয়ে গবেষণা হওয়া দরকার বলে মনে করেন তিনি।
এদিকে পৌরসভার অর্থায়ন নিয়ে একটি গবেষণা করেছেন বিআইডিএসের জ্যেষ্ঠ গবেষক মোহাম্মদ ইউনূস ও সুলতান হাফিজ রহমান। এতে উঠে এসেছে, অধিকাংশ পৌরসভাই রাজনৈতিক বিবেচনায় গঠন করা হয়। ইউনিয়ন থেকে পৌরসভা গঠনের পর নাগরিকদের বাড়ির কর (হোল্ডিং ট্যাক্স) বাড়ে, তবে সেবা বাড়ে না। এ ছাড়া ৯০ শতাংশ বাড়ির করই অদক্ষতা ও দুর্নীতির কারণে আদায় হয় না।
কর্মসংস্থান ও শ্রমবাজার নিয়ে গবেষণা করেন বিআইডিএসের গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রতিবেদনটি তুলে ধরেন তিনি। গবেষণায় বলা হয়েছে, দেশে যত কর্মসংস্থান হয়, এর ৭৯ শতাংশই অনানুষ্ঠানিক খাতে। ২০১৩ সালের হিসাবে দেশে অনানুষ্ঠানিক (ইনফরমাল) খাতে ৪ কোটি ৬১ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। আর আনুষ্ঠানিক খাতে ১ কোটি ২০ লাখ। তবে ২০১০ সালের তুলনায় অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান কমেছে। তখন এ খাতে কর্মসংস্থানের হার ছিল সাড়ে ৮৭ শতাংশ।
বিদেশি বিনিয়োগ নিয়ে গবেষণা করেছে বিআইডিএসের জ্যেষ্ঠ গবেষক মনজুর হোসেন। তাঁর গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, শক্তিশালী আর্থিক খাত, মানব সম্পদ, উন্মুক্ত বাণিজ্য ব্যবস্থা ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর নির্ভর করে বিদেশি বিনিয়োগ আসে। আর প্রকল্প বাস্তবায়নে দুর্বলতার কারণে পাইপলাইনে থাকা বিদেশি সহায়তা ব্যবহার করা যাচ্ছে না।