মজুরি বৃদ্ধির প্রতিবাদে বিজিএমইএ আইসিডি বয়কটের হুমকি দিল
বেসরকারি অভ্যন্তরীণ কনটেইনার ডিপোগুলো (আইসিডি) রপ্তানিযোগ্য তৈরি পোশাকের কার্টন পরিবহনে শ্রমিকের মজুরি বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।শ্রমিকের বর্ধিত মজুরি কমানো না হলে সংগঠনটি কঠিন কর্মসূচি দেওয়ার পাশাপাশি প্রয়োজনে আইসিডিগুলো বয়কট করারও হুমকি দিয়েছে। বিজিএমইএর চট্টগ্রাম কার্যালয়ে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, তাঁদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই বেসরকারি আইসিডিগুলো ১ জানুয়ারি থেকে প্রতি কার্টনে শ্রমিকের মজুরি ৮৮ শতাংশ বাড়িয়ে তিন টাকা করেছে। আগে প্রতি কার্টনে শ্রমিকের মজুরি ছিল এক টাকা ৬০ পয়সা। তাদের এই সিদ্ধান্তে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার মালিকেরা বিপাকে পড়েছেন।সংগঠনের নেতারা আলোচনার মাধ্যমে শ্রমিকের মজুরি নির্ধারণের জন্য আইসিডি মালিকদের প্রতি দাবি জানান। তাঁরা বলেন, বিষয়টি নৌপরিবহন মন্ত্রণালয় ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সাবেক প্রথম সহসভাপতি এস এম আবু তৈয়ব ও এরশাদ উল্লাহ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি মাহবুব চৌধুরী এবং বিকেএমইএর নেতা শওকত ওসমান প্রমুখ বক্তব্য দেন।নাসির উদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনকে (বিকডা) আলোচনার মাধ্যমে শ্রমিকের মজুরি বাড়ানো বা নির্ধারণের অনুরোধ জানানো হয়েছিল। কিন্ত তারা তা না মেনে মজুরি বাড়িয়ে তৈরি পোশাকশিল্পকে সংকটে ফেলে দিয়েছে। বিজিএমইএর নেতারা বলেন, আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাকের চাহিদা ও দাম কমেছে। অন্যদিকে দেশে বিদ্যুৎ-জ্বালানি-পরিবহন খরচ ও ব্যাংকঋণের সুদের হার বাড়ায় পোশাক রপ্তানিকারকদের ওপর চাপে পড়েছে। এই অবস্থায় বেসরকারি আইসিডিতে শ্রমিকের মজুরি কার্টনপ্রতি ৮৮ শতাংশ বাড়ানোর কারণে চাপ আরও বেড়েছে।এদিকে বিকডার সচিব রুহুল আমিন সিকদার প্রথম আলোকে বলেন, গত পাঁচ বছরে এই মাশুল বাড়ানো হয়নি। গত নভেম্বরে সমিতির কার্যকরী পর্ষদের বৈঠকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সমিতির সভাপতিসহ কয়েকজন সদস্য বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় ওই সিদ্ধান্ত স্থগিত করা যাচ্ছে না। তাঁরা দেশে ফিরলে বিজিএমইএর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।