মজুরি বোর্ডের সভা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশ্রমিকদের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের অষ্টম সভা আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। সভায় মালিকপক্ষের নতুন প্রস্তাব দেওয়ার কথা রয়েছে।
গত রোববার বোর্ডের সপ্তম সভায় নতুন প্রস্তাব দেওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে হরতালের অজুহাতে মালিকপক্ষ সভায় উপস্থিত হয়নি। প্রস্তাবও দেয়নি। এ কারণে চেয়ারম্যান এ কে রায়সহ উপস্থিত বোর্ডের চার সদস্য মজুরি নিয়ে আলোচনা করতে পারেননি।
পোশাকমালিকদের সমিতি বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম গতকাল প্রথম আলোকে জানান, আজ তাঁরা নতুন প্রস্তাব দেবেন।
কত টাকার প্রস্তাব দেবেন—এমন প্রশ্ন করলে মালিকপক্ষের প্রতিনিধি আরশাদ জামাল জানান, সাড়ে চার হাজার টাকার কম, এই রকম প্রস্তাব করবে মালিকপক্ষ। এর মধ্যে মূল মজুরি, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার পাশাপাশি খাদ্য ও যোগাযোগ ভর্তুকি অন্তর্ভুক্ত থাকবে।
বোর্ডের তৃতীয় সভায় শ্রমিক প্রতিনিধির পক্ষ থেকে নিম্নতম মজুরি আট হাজার ১১৪ টাকা দাবি করা হয়।