মজুরিকাঠামো বাস্তবায়নে অবহেলা না করার আহ্বান বিকেএমইএর
বিকেএমইএ নতুন ন্যূনতম মজুরিকাঠামো বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে। এ ব্যাপারে যাতে কোনো রকমের অবহেলা না হয়, সে জন্য বিকেএমইএ ইতিমধ্যে সব মালিককে অনুরোধ জানিয়েছে।বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেম গতকাল শনিবার ‘নতুন ন্যূনতম মজুরিকাঠামো বাস্তবায়ন ও পরবর্তী করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা বলেন। বিকেএমইএর ঢাকাস্থ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কল-কারখানা পরিদর্শন বিভাগের প্রধান পরিদর্শক আমিনুল ইসলাম, বিকেএমইএর সহসভাপতি লে. কর্নেল (অব.) শারাফাত জামিল, পরিচালক মো. মনসুর আহমেদ, মো. শাজাহান আলম, মো. শফিকুজ্জামান প্রিন্স, ফারুক বিন ইউসুফ ও এ এস এম কামরুল এহসান। এতে ঢাকা অঞ্চলের নিটওয়্যার কারখানার মালিকেরা যোগ দেন।গতকাল বিকেএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে বিকেএমইএ সর্বাত্মক সহযোগিতা করবে বলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আশ্বাস দিয়েছেন।