মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের ঘেরাও কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার বন্ধ তিন পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া মজুরি ও কারখানা খুলে দেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ভবন ঘেরাও করেছেন।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃত্বে শেড ফ্যাশন ইন্টারন্যাশনাল লিমিটেড, পিঅ্যান্ডও এ্যাটায়ার্স লিমিটেড ও শেড ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা গতকাল বেলা ১১টায় কারওয়ান বাজারে অধিদপ্তরের কার্যালয় ঘেরাও করেন। পরে বিজিএমইএ কার্যালয় ঘেরাও করেন তাঁরা। অধিদপ্তর ও বিজিএমইএর কর্মকর্তারা শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দেন।
ঘেরাও কর্মসূচির পাশাপাশি অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, কার্যকরী সভাপতি কাজী রুহুল আমিন, সাধারণ সম্পাদক জলি তালুকদার, সাংগঠনিক সম্পাদক কে এম মিন্টু, কারখানার শ্রমিকনেতা কাওসার, সাঈদ প্রমুখ।
সমাবেশে শ্রমিকনেতারা বলেন, তিনটি কারখানা দুই মাস ধরে শ্রমিকের মজুরি দিচ্ছে না। উল্টো কারখানা বন্ধ রেখেছে মালিকপক্ষ। দুই বছর ধরে এই কারখানাগুলোতে নিয়মিত মজুরি দেওয়া হয় না। টিফিন, নাইট বিল ও ওভারটাইম ভাতাও যথাযথভাবে পরিশোধ করেনি মালিকপক্ষ। বিজ্ঞপ্তি।