সিলেটের ‘ঐতিহ্য’খ্যাত মণিপুরি তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রান্তিক ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সামাজিক উন্নয়নে নেওয়া পাইলট প্রকল্প বাস্তবায়ন ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে মণিপুরি তাঁতশিল্পের এই উন্নয়ন ত্বরান্বিত করা হবে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রতিনিধিদল গতকাল শনিবার সিলেটে মণিপুরি তাঁতশিল্প প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্র পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়।মণিপুরি তাঁত উন্নয়ন ও প্রশিক্ষণ প্রকল্পের সার্বিক উন্নয়নকাজের অগ্রগতি দেখার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মিকাইল শিপারের নেতৃত্বে প্রতিনিধিদলটি নগরের শিবগঞ্জে অবস্থিত মণিপুরি তাঁত প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্র পরিদর্শনে আসেন।প্রতিনিধিদলে আরও ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক কবির বিন আনোয়ার ও পরিচালক শহীদুল ইসলাম। প্রতিনিধিদলটির পরিদর্শন শেষে সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাবীবের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ মণিপুরি যুব সমিতির সাধারণ সম্পাদক এম মহেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ মণিপুরি মহিলা সমিতির সভানেত্রী এস রীনা দেবী, বাংলাদেশ মণিপুরি যুব সমিতির সভাপতি ফলেম ধীরেন সিংহ, এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ বক্তৃতা দেন। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ মণিপুরি যুব সমিতির সাধারণ সম্পাদক এম মহেন। সভায় প্রতিনিধিদলটির পক্ষ থেকে জানানো হয়, পিছিয়ে পড়া প্রান্তিক ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নের জন্য চলতি বছরে ১৮টি পাইলট প্রকল্প চালু রয়েছে। এর মধ্যে অন্যতম হলো সিলেটের মণিপুরি তাঁতশিল্পের উন্নয়ন প্রকল্প।