মণিপুরি তাঁতের নতুন মাত্রা
মণিপুরি তাঁতের কাপড়, শাড়িসহ বিভিন্ন পোশাকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ জন্য নকশায় বৈচিত্র্য আনয়ন, গুণগত মান উন্নয়ন ও বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধির বিষয়ে জোর দিয়ে এখন মৌলভীবাজারের কমলগঞ্জের ১০টি গ্রামে কার্যক্রম চলছে। ইতিমধ্যে শতাধিক নারীকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে। আর এই কাপড় ও পোশাকের ব্র্যান্ড বা পরিচিতিমূলক নাম দেওয়া হয়েছে মোইরাং। জানা গেছে, মোইরাং হচ্ছে ভারতের মণিপুর রাজ্যের একটি গ্রামের নাম, যেখান থেকে মণিপুরি তাঁতের যাত্রা শুরু হয়েছিল।
ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) মণিপুরি কাপড় ও পোশাকের উন্নয়নে মৌলভীবাজারের কমলগঞ্জে কাজ করছে। সংস্থাটি ‘মণিপুরি হ্যান্ডলুম’ নামের একটি প্রকল্পের অধীনে গত বছরের অক্টোবরে কাজ শুরু করে। তারা চন্দ্রশেখর সাহা নামের একজন ডিজাইনারের তত্ত্বাবধানে ১০০ মণিপুরি নারীকে প্রশিক্ষণ দেয়। এর মধ্যে ৭০ জন কাজের সঙ্গে যুক্ত হয়েছেন।
জানতে চাইলে প্রকল্পটির সমন্বয়কারী মনিসেনা রাজকুমার সম্প্রতি জানান, মণিপুরি তাঁতের ঐতিহ্য হচ্ছে খাঁটি সুতি সুতা দিয়ে কাপড় বানানো। সে অনুযায়ীই নারীদের প্রশিক্ষণ দিয়ে এখন কমলগঞ্জের নয়াপত্তন, ছনগাঁও, ভানুবিল, হোমেরজান, চিৎলিয়া, গঙ্গানগর, শ্রীপুর, কাটাবিল, তেতইগাঁও ও মঙ্গলপুর এই ১০টি গ্রামে কাজ চলছে। প্রশিক্ষিত নারীরা শাড়ি, ওড়না, থ্রিপিস, মণিপুরি গামছা, চাদর, শাল, ক্যাপ, ব্যাগ, মাফলার ইত্যাদি তৈরি করছেন। তাঁরা মানভেদে শাড়িপ্রতি পারিশ্রমিক পাচ্ছেন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ টাকা। এ রকম একেকটি শাড়ি বিক্রি হয় ৩ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত।
মনিসেনা আরও জানান, প্রকল্প থেকেই সুষ্ঠুভাবে শাড়ি বিপণনের ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, মণিপুরি তাঁতে কোরিয়ান সুতা দিয়েও কাপড় তৈরি করা হয়। কিন্তু এই কাপড়ের মান ও দাম দুটোই কম। শ্রমিকদের পারিশ্রমিকও কম। একবার ধোয়ার পরই কাপড়ের মান নষ্ট হয়ে যায়। সে জন্য আদি মণিপুরি কাপড় তৈরিতে জোর দেওয়া হয়েছে।
একডোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ প্রথম আলোকে বলেন, মণিপুরিরা আগে শুধু তাঁতের তৈরি ফানেক (মহিলাদের পরিধেয় কাপড়) ও গামছা তৈরি করত। ১৯৯২-৯৩ সালের দিকে পরীক্ষামূলকভাবে শাড়ি তৈরি শুরু হলে বেশ চাহিদা দেখা যায়। কিন্তু পরবর্তী সময়ে সুতি সুতার বদলে কোরিয়ান পলিস্টার সুতা দিয়ে যখন কাপড় তৈরি শুরু হয় তখন এর গুণগত মান আর ধরে রাখা যায়নি। চাহিদাও কমতে থাকে।
লক্ষ্মীকান্ত বলেন, নকশায় বৈচিত্র্যের মাধ্যমে মণিপুরি তাঁতের ঐতিহ্য ফিরিয়ে আনতে ও গুণগত মান বজায় রাখতে ও শিল্পটিকে ধ্বংস থেকে রক্ষা করতে উদ্যোগটি নেওয়া হয়েছে। এতে ভালো সাড়া মিলছে।