মণিপুরি নারী তাঁতিদের আনুষ্ঠানিক ঋণ প্রদান
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, দেশের মানুষকে বঞ্চনার হাত থেকে মুক্তি দিতে এখন অর্থনৈতিক মুক্তির যুদ্ধ চলছে। সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলার এই যুদ্ধে মণিপুরি নারী তাঁতিসহ নারী উদ্যোক্তারাও শামিল আছেন।গভর্নর বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনীতি বদলে দিতে হলে নারী উদ্যোক্তাদের অর্থনীতির মূল স্রোতের সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন।কমলগঞ্জের মাধবপুর মণিপুরি ললিতকলা একাডেমিতে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) আয়োজিত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান এসব কথা বলেন। অনুষ্ঠানে ৩০ জন মণিপুরি নারী তাঁতির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১৫ লাখ টাকার এসএমই ঋণের চেক বিতরণ করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোখতার হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম।বাংলাদেশ কৃষি ব্যাংকের সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক নিতাই চাঁদ দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের কমলগঞ্জ শাখার ব্যবস্থাপক এস সি সরকার ও মণিপুরি নেতা আনন্দমোহন সিংহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্নিরুদ্ধ দাস।