মণিপুরি বস্ত্র বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড: গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, মণিপুরি বস্ত্র বাংলাদেশের একটি নিজস্ব ব্র্যান্ড। এই ব্র্যান্ডের বিশ্ববাজার সৃষ্টিতে সংশ্লিষ্ট সবাইকে কাজ করতে হবে।মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রানীরবাজার দয়াময় সিংহ উচ্চবিদ্যালয়ে গত শুক্রবার বিকেলে আয়োজিত মণিপুরি নারী তাঁতিদের সমাবেশ ও তাঁদের মধ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আতিউর রহমান এসব কথা বলেন।বাংলাদেশ মণিপুরি আদিবাসী ফোরাম এই সমাবেশের আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালক সৈয়দ বজলুল করিম, এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান, সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মোস্তাক আহমেদ, ব্যাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী ও নির্মল চন্দ্র ভক্ত, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক ওমর ফারুক ও কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী।মণিপুরি মুসলিম প্রকৌশলী আবদুল মজিদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনালী ব্যাংকের মৌলভীবাজারের সহকারী মহাব্যবস্থাপক এ কে এম ওয়াহিদুল হক।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মণিপুরি আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিৎ সিংহ, মৈথৈ মণিপুরি সম্প্রদায়ের পক্ষে সৌদামণি সিনহা, বিষ্ণুপ্রিয়া মণিপুরি নারী তাঁতি লক্ষ্মী সেনা সিনহা ও মুসলিম মণিপুরি নেত্রী বিলকিস বেগম।সমাবেশে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে ৬৪ জন মণিপুরি নারী তাঁতির মধ্যে বিভিন্ন হারে ৮৪ লাখ ৭৫ হাজার টাকার এসএমই ঋণ বিতরণ করা হয়।