মতিঝিলে অবস্থান কর্মসূচি দেওয়ায় ডিসিসিআই উদ্বিগ্ন
রাজধানীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মতিঝিলে বিভিন্ন সংগঠন জনসমাবেশের পাশাপাশি নানা ধরনের অবস্থান কর্মসূচি পালন করায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) গভীর উদ্বেগ জানিয়েছে।সংগঠনটি গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলেছে, প্রায় ছয় মাস ধরে দেশের বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে। যে কারণে রাজধানীর এ ব্যস্ততম এলাকায় অবস্থিত ঢাকা চেম্বারসহ বিভিন্ন ব্যাংক, বিমা ও অন্যান্য প্রতিষ্ঠান নিজেদের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি এই এলাকায় জনগণের স্বাভাবিক চলাচলও বিঘ্নিত হচ্ছে। ঢাকা চেম্বার দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের গতিধারা বজায় রাখার স্বার্থে এ ধরনের কর্মসূচি মতিঝিলে পালন না না করে রাজধানীর মুক্তাঙ্গন বা পল্টন ময়দান কিংবা অন্যত্র আয়োজনের জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে সংগঠনটি অনুরোধ করছে।প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি মতিঝিলের শাপলা চত্বরে মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কারণে সেদিন সকাল নয়টা থেকে দুই ঘণ্টা মতিঝিলের আশপাশের সড়ক বন্ধ থাকে। এরপর একই এলাকায় ২৭ ফেব্রুয়ারি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গণজাগরণ মঞ্চের সমাবেশ হয়। সর্বশেষ গতকাল শনিবার বিকেলে ওলামা-মাশায়েখ তৌহিদি জনতা সংহতি পরিষদ সমাবেশ করে।