মতিঝিলে ঝুলন্ত তার কাটায় ডিএসইতে লেনদেন বিঘ্নিত
রাজধানীর মতিঝিল এলাকার রাস্তার দুই পাশের ঝুলন্ত তার কেটে ফেলায় গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চার শতাধিক ট্রেডিং ওয়ার্ক স্টেশন বন্ধ হয়ে যায়। এতে শেয়ার লেনদেনের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। ডিএসই সূত্র জানায়, গতকাল ডিএসইর ২১৬ জন সদস্য লগইন করায় যথাসময়েই লেনদেন শুরু হয়। কিন্তু বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা বিটিআরসির নির্দেশে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো গত শনিবার বাইরের ঝুলন্ত তার সরিয়ে নেয়। আর এই তার সরিয়ে নিতে গিয়ে অনেক জায়গায় তার কেটে ফেলা হয়। এতে করে বিভিন্ন ব্রোকারেজ হাউসের অনেক ওয়ার্ক স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় শেয়ার কেনাবেচা করা যায়নি। মতিঝিলে ডিএসইর বিভিন্ন ব্রোকারেজ হাউসে গড়ে প্রতিদিন তিন হাজার ২০০টির মতো ওয়ার্ক স্টেশন চালু থাকে। গতকাল চালু ছিল হাজার ৭৫০টির মতো। বাকিগুলো ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে খোলা যায়নি। ডিএসইর পাশের ভবনে অবস্থিত সিটি ব্যাংকেরও লেনদেন বন্ধ ছিল বলে জানা যায়। এ ব্যাপারে ডিএসইর একজন পরিচালক প্রথম আলোকে বলেন, বিভিন্ন ব্রোকারেজ হাউসের বেশ কিছু শাখার ওয়ার্ক স্টেশন বন্ধ থাকলেও গ্রাহকেরা প্রধান কার্যালয়ের মাধ্যমে তাঁদের শেয়ার কেনাবেচা করতে পেরেছেন। তিনি জানান, তাঁর নিজ কার্যালয়েও সংযোগ বিচ্ছিন্ন থাকায় ডিএসই ভবনের প্রধান কার্যালয় থেকে বিনিয়োগকারীরা শেয়ার কেনাবেচায় অংশ নেন।ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম সাংবাদিকদের বলেন, স্টক এক্সচেঞ্জের প্রতিটি সদস্যকে আগেই সংযোগ সংরক্ষণ করতে বলা হয়েছে। কিন্তু কেউ কেউ তাঁর শাখা কার্যালয়ে নির্ধারিত সময়ে সংযোগ দেয়নি। তাই একটু সমস্যা হয়েছিল। আশা করা যায়, দু-এক দিনের মধ্যে এ সমস্যা ঠিক হয়ে যাবে।