মতিঝিলে বিনিয়োগকারীদের বিক্ষোভ অব্যাহত
শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে এবং বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবিতে আজ সোমবারও রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ করছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকালের মতো আজও দরপতনের মধ্য দিয়ে লেনদেন চলতে থাকলে বেলা দুইটার দিকে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন। তাঁরা ডিএসইর সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এতে মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।এ সময় তাঁরা বরাবরের মতো অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও ডিএসইর সভাপতি শাকিল রিজভীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে বিকেল সাড়ে চারটার দিকে বিনিয়োগকারীরা কর্মসূচি শেষ করলে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক হয়। এদিকে শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় সড়কে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মতিঝিলের আশপাশের সড়কগুলোতে চরম যানজটের সৃষ্টি হয়।