মতিঝিলে সমাবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত পালনের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র রাজধানীর মতিঝিল ও দিলকুশা এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ নিয়েছে, সেটাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

এ সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করে দেশের ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন। একই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে মতিঝিল এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়নের জন্য সরকারকে অনুরোধ করেছে এফবিসিসিআই।

সংগঠনটি গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, সমপ্রতি কয়েকটি রাজনৈতিক দলকে মতিঝিলে সভা-সমাবেশের অনুমতি দেওয়ায় সার্বিক বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বিশেষ করে গত রোববারের হেফাজতে ইসলামের সমাবেশ-পরবর্তী সহিংসতায় এ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।