মতিন স্পিনিং ও আরামিট সিমেন্ট ১৫২ কোটি টাকা সংগ্রহ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্ত্র খাতের নতুন একটি কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও এবং তালিকাভুক্ত অপর একটি কোম্পানি অধিকারমূলক (রাইট) শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছে। এর মধ্যে মতিন স্পিনিং মিলসকে আইপিওতে এবং আরামিট সিমেন্টকে অধিকারমূলক শেয়ার ছাড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সভায় গতকাল মঙ্গলবার এই অনুমোদন দেওয়া হয়। সংবাদপত্রে পাঠানো বিএসইসির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিএসইসির তথ্যমতে, কোম্পানি দুটি মিলে বাজার থেকে প্রায় ১৫২ কোটি টাকার পুঁজি উত্তোলন করবে।

বিএসইসি জানিয়েছে, মতিন স্পিনিং মিল আইপিওতে তিন কোটি ৪১ লাখ শেয়ার ছাড়বে। এর মাধ্যমে কোম্পানিটি ১২৬ কোটি ১৭ লাখ টাকার পুঁজি সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর সঙ্গে ২৭ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৭ টাকা। সংগৃহীত অর্থ কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণে ব্যয় করবে। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস।

এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানি আরামিট সিমেন্ট তাদের বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে একটি (১:১) অধিকারমূলক শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি এক কোটি ৬৯ লাখ ৪০ হাজার শেয়ার ছেড়ে বাজার থেকে ২৫ কোটি ৪১ লাখ টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে পাঁচ টাকা অধিমূল্য যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।