মতিন স্পিনিংয়ের আইপিও বাতিলে উকিল নোটিশ
মতিন স্পিনিং মিলসের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বাতিলের দাবিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) উকিল নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদ। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অতিরিক্ত প্রিমিয়াম নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী ১৬ জানুয়ারি এই নোটিশ পাঠিয়েছেন, যা ইতিমধ্যে বিএসইসিতে পৌঁছেছে বলে জানা গেছে।
মিজান উর রশিদ চৌধুরী বিএসইসিতে উকিল নোটিশ পাঠানোর বিষয়টি স্বীকার করে বলেন, মতিন স্পিনিং মিলসের প্রতিটি শেয়ারের দাম ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে ২৭ টাকা প্রিমিয়াম নেওয়া হচ্ছে। এত টাকা প্রিমিয়ামের মাধ্যমে কোম্পানিটি টাকা উত্তোলন করলে পরবর্তী সময় বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির আইপিও স্থগিত করার দাবিতে ৯ জানুয়ারি বিএসইসিকে লিখিত অনুরোধ জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ না হওয়ায় ১৬ জানুয়ারি উকিল নোটিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া এ বিষয়ে উচ্চ আদালতে রিটের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত বছরের ১০ ডিসেম্বর বিএসইসির ৫০২তম কমিশন সভায় মতিন স্পিনিংয়ের আইপিও অনুমোদন দেওয়া হয়। আইপিওর মাধ্যমে প্রতিষ্ঠানটি বাজার থেকে ১২৬ কোটি ১৭ লাখ টাকা উত্তোলন করবে। গত রোববার থেকে প্রতিষ্ঠানের আইপিওর আবেদন শুরু হয়েছে, চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
বাজার থেকে উত্তোলিত অর্থ বিদ্যমান বিভিন্ন প্রকল্প সম্প্রসারণ ও আইপিও খরচে ব্যয় করা হবে বলে প্রসপেক্টাসে বলা হয়।