মধু রপ্তানি হবে স্লোভেনিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে মধু আমদানি করবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ স্লোভেনিয়া। এ জন্য স্লোভেনিয়ার মধু উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান মেডেক্স ইতিমধ্যেই বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে। এর আওতায় প্রতিষ্ঠানটি বাংলাদেশি মৌচাষি ও মধু বিপণনকারীদের প্রশিক্ষণ, প্রযুক্তি ও কারিগরি সহায়তাসহ অন্যান্য সহযোগিতা করবে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে মেডেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেসা কুন্ডুস এসব কথা জানান। শিল্প মন্ত্রণালয়ে গত বৃহস্পতিবার এ বৈঠক হয়। শিল্প মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এসব জানানো হয়। বৈঠকে অ্যালেসা কুন্ডুস বলেন, স্লোভেনিয়ায় প্রতিবছর ৩০ হাজার মেট্রিক টন মধুর চাহিদা রয়েছে। তবে স্থানীয়ভাবে উৎপাদিত হয় মাত্র দুই হাজার টন। অবশিষ্ট চাহিদা মেটাতে স্লোভেনিয়া বাংলাদেশ থেকে মধু আমদানি করতে আগ্রহী। এ লক্ষ্যে মেডেক্স শিগগিরই বিসিকের সঙ্গে যৌথভাবে গুণগত মানের মধু উৎপাদনের কার্যক্রম শুরু করবে।
নিজস্ব প্রতিবেদক