মধুর টানে মৌমেলায়
মৌমাছিদের সম্পর্কে একটা প্রচলিত তথ্য হচ্ছে, মৌচাকের এক কেজি মধু উৎপাদনের জন্য তাদের ৯০ হাজার কিলোমিটারের মতো পথ অতিক্রম করতে হয়। এ পথে দুইবারের বেশি পৃথিবী প্রদক্ষিণ করা যায়।
তবে কেউ যদি মধু ভালোবাসেন, আর মনে ‘খাঁটি’ মধু সংগ্রহের বাসনা থাকে, তাহলে তাঁকে এই মুহূর্তে হাজার কিলোমিটার পথ পাড়ি না দিলেও চলবে। কারণ মধু বলে ‘বিষ’ খাওয়ানোর এই শহরে দেশের বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত ও উৎপাদিত রকমারি সব মধুর পসরা নিয়ে শুরু হয়েছে জাতীয় মৌমেলা। স্থান ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) চত্বর। আয়োজক কৃষি মন্ত্রণালয়।
আজ সোমবার দুপুরে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। মেলায় অংশ নিচ্ছে মধু সংগ্রহ, উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৭৪টি স্টল। এর মধ্যে কয়েকটিতে আছে মৌ চাষসংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা।
কৃষি কর্মকর্তা ও মেলায় অংশ নেওয়া মধুচাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, এই অঞ্চলে মধু সংগ্রহ বা মৌ শিকারের (honey hunting) ইতিহাস অনেক পুরোনো। আর ভারতীয় উপমহাদেশে মৌ চাষের প্রচলন শুরু হয় গত শতকের চল্লিশের দশকে স্বদেশি আন্দোলনের হাত ধরে। পঞ্চাশের দশকে সিলেটের চা-বাগানে মৌ চাষের উদ্যোগ নেওয়া হলেও তা সফলতার মুখ দেখেনি। স্বাধীনতার পর ১৯৭৭ সালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক) প্রথমবারের মতো বৈজ্ঞানিক উপায়ে এপিস সিরিনা প্রজাতির মৌমাছির মাধ্যমে মৌ চাষ শুরু করে। তবে ১৯৯৬ সালে এপিস মেলিফেরা প্রজাতির মৌমাছি আমদানির মাধ্যমে চালু হওয়া মৌ চাষ নতুন অধ্যায়ের সূচনা করে। এই প্রজাতির মৌমাছি গৃহপালিত মৌমাছি হিসেবে পরিচিত। বর্তমানে পৃথিবীর বেশির ভাগ মধু ও সংশ্লিষ্ট অন্যান্য উপকরণ এপিস মেলিফেরা প্রজাতির মাধ্যমেই উৎপাদিত হয়।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ নূরুল ইসলামের দেওয়া তথ্য অনুসারে, বর্তমানে বাংলাদেশে প্রাকৃতিকভাবে উৎপাদিত মধুর পরিমাণ ১২১ মেট্রিক টনের বেশি। এর ৭৫ শতাংশই সংগ্রহ করা হয়েছে সুন্দরবন থেকে। আর চাষের মাধ্যমে উৎপাদিত মধুর পরিমাণ ১০ হাজার মেট্রিক টনের মতো, যা মোট চাহিদার মাত্র ৩০ শতাংশ পূরণ করে। বাকি চাহিদা আমদানির মাধ্যমে পূরণ করা হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জাতীয় মৌ মেলা আয়োজনের উদ্দেশ্য বাণিজ্যিকভাবে মৌমাছি পালনের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ উন্নয়নের পাশাপাশি পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করা। সেই সঙ্গে নিজেদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন নিয়ে আসতে সবাইকে উদ্বুদ্ধ করা। এ জন্য এবারের মৌমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘পুষ্টি নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মৌ চাষ।’
বাহারি সব মধু
মৌমাছি হচ্ছে একমাত্র পোকা যা মানুষের জন্য খাদ্য উৎপাদন করে। চাক থেকে বেরিয়ে একবার মধু সংগ্রহের জন্য একটা শ্রমিক মৌমাছি ৫০ থেকে ১০০টি ফুল ঘুরে আসে। আর মৌমেলায় চাহিদা অনুসারে মধু কেনার জন্য অন্তত ১০ রকমের মধু নিয়ে ক্রেতার অপেক্ষায় আছে ৭০টির বেশি স্টল। স্টলগুলোতে সবচেয়ে বেশি মিলবে শর্ষে ফুলের মধু। এ ছাড়া লিচু, কালিজিরা, তিসি, মৌরী, খেসারি, বরই, ধনে, মিষ্টিকুমড়া, আমের মুকুলসহ বিভিন্ন ফুলের মধুও পাওয়া যাবে। প্রতি কেজি মধুর দাম পড়বে সাড়ে তিন শ থেকে দুই হাজার টাকা।
মেলায় সরাসরি সুন্দরবন থেকে সংগৃহীত মধু নিয়ে এসেছেন সাতক্ষীরার শ্যামনগরের মধু বাউলিয়া করিম। তাঁর প্রতিষ্ঠানের নাম নিলডমোর সুন্দরবন মধু বিতান। ৪০ বছর ধরে তিনি মধু আহরণে যুক্ত। করিমের স্টলে প্রতি কেজি কেওড়া ফুলের মধু বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। গরান ফুলের মধু মিলছে ৬০০ টাকায়। আর খলিশা ফুলের মধু পাওয়া যাচ্ছে ৮০০ টাকায়।
এদিকে নানা ধরনের মধুর পাশাপাশি মৌ চাষ-সম্পর্কিত আধুনিক সব প্রযুক্তির দেখা মিলবে চট্টগ্রামের প্রতিষ্ঠান আলওয়ান এন্টারপ্রাইজের স্টলে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সৈয়দ মোহাম্মদ মঈনুল আনোয়ার একে একে দেখালেন সৌরশক্তিচালিত আধুনিক মৌ-বাক্স, মৌমাছি তাড়ানোর জন্য তৈরি স্বয়ংক্রিয় ধোঁয়াদানি এবং মৌ বর্ষপঞ্জির মতো চমকপ্রদ সব উপকরণ। মঈনুল আনোয়ার জানালেন, মধু বিক্রির চেয়ে খাঁটি ও ভেজাল মধুর বিষয়ে সচেতনতা তৈরির দিকেই তাঁর মনোযোগটা বেশি। এর অংশ হিসেবে দেশের কোন কোন এলাকায় মৌসুমভেদে কী কী ধরনের মধু পাওয়া যায়, সে বিষয়ে ধারণা পরিষ্কার করার জন্য তিনি ক্যালেন্ডারের আদলে মৌ বর্ষপঞ্জি তৈরি করেছেন।
আবার আলওয়ান এন্টারপ্রাইজের স্টলেই দেখা গেল মধু নিয়ে দেশে-বিদেশে করা ৫৭টি গবেষণার সংকলন, শহরের ছাদে মৌচাষের জন্য নির্মিত শৈল্পিক মৌ বাক্স এমনকি চাকসহ জ্যান্ত মৌমাছি। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের কথা বিবেচনায় নিয়ে মধুর বোতলের গায়ে ব্রেইল পদ্ধতিতে লেখা লেবেল নিয়ে এসেছেন মঈনুল আনোয়ার।
খুলনার সলিড মধুর স্টলে দেখা গেল, সেখানে বিক্রি হচ্ছে মৌ চাষসংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ, রানি মৌমাছির খাবার দুর্মূল্য রয়েল জেলিসহ নানা কিছু।
মৌচাষিরা বলছেন, সরকার সম্প্রতি আমদানি করা মধুর ওপর বাড়তি কর ধার্য করায় দেশে উৎপাদিত মধুর বাজার বেড়েছে। তাঁরাও লাভের মুখ দেখছেন। ভবিষ্যতে এই উদ্যোগের আরও বেশি সুফল পাওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
এদিকে মৌ মেলায় খাঁটি মধু পাওয়া যায় বলে ঢাকার বাসিন্দারা প্রতিবছর এই মেলার জন্য অপেক্ষা করে থাকেন বলে জানান মেলায় আসা একাধিক দর্শনার্থী। এমন একজন ধানমন্ডির বাসিন্দা জয়শ্রী কর বলেন, ‘ঢাকার বাজারের মধু নিয়ে সন্দেহ কাটে না। গতবার এই মেলাতে এসেই খাঁটি মধু চিনতে শিখেছি। এ ছাড়া এখানকার মধুর বৈচিত্র্যও চমৎকার। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা।’
জাতীয় মৌমেলার প্রথম দিনে বিএআরসি মিলনায়তনে ‘পুষ্টিনিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মৌচাষ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা বলেন, আধুনিক চাষাবাদ পদ্ধতির মাধ্যমে বাংলাদেশে প্রতিবছর এক থেকে দেড় মিলিয়ন টন মধু উৎপাদন করা সম্ভব, যা বর্তমানে উৎপাদিত মধু থেকে দেড় শ গুণ বেশি। বাংলাদেশে উৎপাদিত মধু এর মধ্যে জার্মানির ইন্টারটেক ল্যাবরেটরিতে পরীক্ষা করে এর গুণগত মান ইউরোপীয় ইউনিয়নের চাহিদাভিত্তিক গুণগতমান সম্পন্ন বলে বিবেচিত হয়েছে।
সেমিনারে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান উপস্থিত ছিলেন।
মৌমেলা চলবে বুধবার পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত।