মধ্য আয়ের দেশ হলেও জিএসপি থাকতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার পরও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা বা জিএসপি অব্যাহত থাকতে পারে। তবে তখন ‘জিএসপি প্লাস’ নীতির অধীনে নতুন করে আবেদন করতে হবে বাংলাদেশকে।
অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এক আলোচনা সভায় গতকাল বুধবার এ কথা বলেন ঢাকায় নিযুক্ত ইইউ মিশনপ্রধান পিয়েরে মায়াদুন।
এ ছাড়া সুশাসন, পরিবেশ সহায়ক উৎপাদনব্যবস্থা, শ্রমিক-মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে এখনই সেই প্রস্তুতি নেওয়ার পরামর্শে দিয়েছেন পিয়েরে মায়াদুন। পোশাক খাতের উন্নয়নে সরকারের শক্ত প্রতিশ্রুতি সত্ত্বেও উন্নতিতে ধীর গতির সমালোচনা করেন এ কূটনীতিক। এ ছাড়া অর্থনৈতিক সংস্কার, ডিজিটাল বাংলাদেশসহ বিনিয়োগসহায়ক পরিবেশ নিয়ে কথা বলেন তিনি।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ইআরএফের সভাপতি সুলতান মাহমুদ। সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানসহ সংগঠনের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বাংলাদেশসহ ৪৯টি দেশ বর্তমানে ইবিএম (এভরিথিং বাট আর্মস) নীতির অধীনে ইইউভুক্ত ২৮ দেশে শুল্কমুক্ত সুবিধায় পণ্য রপ্তানি সুবিধা ভোগ করছে। তবে বিশেষ বিবেচনায় উন্নয়নশীল নয়টি দেশও জিএসপি প্লাস নীতির সুবিধায় বিনা শুল্কে পণ্য রপ্তানির সুযোগ পাচ্ছে। তবে ইবিএমের মতো এ সুবিধা এতটা শিথিল নয়।
ইইউ মিশনপ্রধান আরও বলেন, বাংলাদেশ ইইউর বড় বাণিজ্য অংশীদার। এ দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের ৬০ শতাংশ রপ্তানি হয় ইইউভুক্ত দেশে। এর মাধ্যমে এ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অন্তত ১০ শতাংশে ইইউর অবদান রাখছে। এর ফলে কর্মসংস্থান বেড়েছে। বিশেষ করে নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়ন বাড়ছে।
সস্তা শ্রমের সংস্কৃতি থেকে উদ্যোক্তাদের বেরিয়ে আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ও এ দেশের লাখ লাখ গরিব শ্রমিকের ভাবমূর্তির প্রতি এটা সুবিচারপূর্ণ নয়।
বিদেশি বিনিয়োগ এবং ব্যবসা পরিবেশ উন্নয়নে অর্থনৈতিক সংস্কারের ওপর জোর দেন মায়াদুন। তিনি বলেন, এ দেশে ৭০ শতাংশ মামলা হয় ভূমি বিরোধকে কেন্দ্র করে। নিরাপদ বিনিয়োগে বিদেশি উদ্যোক্তাদের জন্য এটা নেতিবাচক বার্তা। তাঁর মতে, ভারসাম্যপূর্ণ অর্থনীতির জন্য পোশাক খাতের ওপর নির্ভরতা কমিয়ে পণ্যে বৈচিত্র্য আনা প্রয়োজন। এ বিষয়ে ইইউ এবং বাংলাদেশের বেসরকারি খাত একসঙ্গে কাজ করতে পারে। ইতিমধ্যে এ-সংক্রান্ত একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। এ প্রতিষ্ঠান বিদ্যমান বাণিজ্য ব্যবস্থাসহ শুল্ক ও অশুল্ক বাধা চিহ্নিত করতে কাজ করবে।
পিয়েরে মায়াদুন বলেন, বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক উন্নয়নে ডিজিটাল বাংলাদেশ নতুন মাত্রা যোগ করেছে। এতে তৈরি পোশাকের ওপর নির্ভরতা কমবে এবং তথ্যপ্রযুক্তি, চামড়া, জাহাজ নির্মাণ ও ওষুধশিল্পের বিকাশ সহজ হবে।