মধ্যপাড়ার পাথর যাবে পদ্মা সেতুতে
দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতুতে ব্যবহার করা হবে দেশি খনিজ সম্পদ মধ্যপাড়া কঠিন শিলাখনির পাথর। সরকারের উচ্চক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধিদল সম্ভাব্যতা যাচাই করে এতে ইতিবাচক সাড়া দিয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত পেট্রোবাংলার মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির এক সূত্র জানায়, পদ্মা সেতুতে আমদানি করা পাথর নাকি দেশি পাথর ব্যবহার করা হবে, তা নিয়ে ব্যাপক পর্যালোচনা চলছিল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ওই প্রকল্পে মধ্যপাড়া খনির পাথর ব্যবহার করা হবে বলে নিশ্চিত হওয়া গেছে। সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ও পদ্মা সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান সম্ভাব্যতা যাচাই শেষে গত ৩০ এপ্রিল খনিসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করে। এতে মধ্যপাড়ার পাথরই ব্যবহার হবে, এটা নিশ্চিত হয়েছে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. শামসুল মোস্তফা জানান, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট একটি প্রতিনিধিদল খনি কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেছে। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে তিনি দাবি করেন।
শামসুল মোস্তফা বলেন, ইতিপূর্বে মধ্যপাড়ার পাথর ইংল্যান্ড ও সিঙ্গাপুরের পৃথক দুটি ল্যাবে মান পরীক্ষা করা হয়েছে। ওই গবেষণাগারের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপাড়া খনির পাথর বিশ্বমানের এবং এটা ভারতের পাকুর গ্রেডের চেয়েও উন্নত মানের।
মহাব্যবস্থাপক (মার্কেটিং) ফজলুর রহমান বলেন, ‘মধ্যপাড়ার পাথর পদ্মা সেতুতে ব্যবহৃত হচ্ছে, এ থেকে আমরা আশাবাদী হয়ে উঠেছি। শিগগিরই এই খনির উত্তোলিত পাথর সড়ক ও রেলপথের মাধ্যমে আমরা পদ্মা সেতু প্রকল্পে সরবরাহ করতে পারব।’ তিনি জানান, প্রতিদিন খনিমুখ থেকে সাড়ে তিন হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা হচ্ছে। প্রয়োজনে উৎপাদন বাড়ানো হবে। পদ্মা সেতুর নদীশাসনসহ মূল নির্মাণকাজে ৭০ লাখ মেট্রিক টন পাথরের প্রয়োজন হবে।
কিছুদিন আগেও সারা দেশে ২০ জন পরিবেশক মধ্যপাড়ার পাথর বাজারজাত করছিল। তবে পাথরের মান ভালো হওয়ায় দিন দিন এর চাহিদা বাড়ছে। ফলে নতুন করে আরও ৪৬ জন পরিবেশক নিয়োগ দেওয়া হয়েছে। পদ্মা সেতুর পর চট্টগ্রামের কর্ণফুলী টানেল নির্মাণ ও পাকশীতে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে মধ্যপাড়ার পাথর ব্যবহার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গ্রানাইট মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল বাশার গত শনিবার বলেন, ‘সরকারের সব উন্নয়ন প্রকল্পে যাতে মধ্যপাড়ার পাথর ব্যবহৃত হয়, আমরা সে উদ্যোগ অব্যাহত রেখেছি। প্রকল্পসমূহে কাজের মান ভালো চাইলে নিঃসন্দেহে ভালো পাথর ব্যবহার জরুরি। সে ক্ষেত্রে মধ্যপাড়ার পাথর বিশ্বমানের ও এর বিকল্প নেই।’