মধ্যপ্রাচ্যে এবার বাংলাদেশি গৃহকর্মীরা বিমার আওতায়
মধ্যপ্রাচ্যের দুবাইসহ আরব আমিরাতের উত্তরাংশে কর্মরত বাংলাদেশি গৃহকর্মীরা এবার বিমার আওতায় আসতে যাচ্ছেন।ওমান ইন্স্যুরেন্স কোম্পানির সহায়তায় দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এই বিমা প্রবর্তন করেছে। এ উপলক্ষে গত সোমবার দুই পক্ষের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ কনসাল জেনারেল মো. আবু জাফর এবং ওমান ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মুত্তালিব মুস্তাফা আল জাইদি এ স্মারকে স্বাক্ষর করেন।পরে আবু জাফর জানান, মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি গৃহকর্মীদের জন্য এই প্রথম কোনো বিমা-সুবিধার প্রবর্তন করা হলো। এখন এটা দুবাইয়ে চালু হলেও ভবিষ্যতে এই সুবিধা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ও উত্তর আফ্রিকায় প্রবর্তন করা হবে।জানা গেছে, ৭ ফেব্রুয়ারির পর থেকে যেসব বাংলাদেশি গৃহকর্মী দুবাই ও উত্তর আমিরাতে কাজ করার জন্য যাবেন, তাঁরা বাধ্যতামূলকভাবে এই বিমার আওতায় আসবেন। আর যাঁরা এখন কর্মরত আছেন, তাঁদের ভিসা নবায়নের সময় বিমা করতে হবে।চুক্তি অনুসারে, গৃহকর্মী নিয়োগকারীরা (স্পনসর) ২৪ মাস মেয়াদি এই বিমার জন্য ২০০ দিরহাম প্রদান করবেন। এর বিনিময়ে মৃত্যু, দুর্ঘটনাজনিত চিকিত্সাব্যয়, আইনি ব্যয় ও স্বদেশ প্রত্যাবর্তন ব্যয়ের ক্ষেত্রে বিমা কোম্পানি ক্ষতিপূরণ দেবে। সূত্র: খালিজ টাইমস।