মধ্যপ্রাচ্যে সবজির বাজার বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে যত সবজি সারা বিশ্বে রপ্তানি হয়, তার প্রায় অর্ধেকেরই গন্তব্য মধ্যপ্রাচ্যের দেশগুলো। প্রতিবছরই এসব দেশে সবজি রপ্তানি বাড়ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, গেল ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ থেকে সারা বিশ্বে ১৪ কোটি ৭৫ লাখ ৪৭ হাজার ৩৫৩ ডলারের সবজি রপ্তানি হয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের আটটি দেশেই রপ্তানি হয়েছে ৬ কোটি ৮৫ লাখ ৮৭ হাজার ৯৯৮ ডলারের সবজি।
এর আগের অর্থবছর বিশ্বব্যাপী ১১ কোটি ৩ লাখ ৩৬ হাজার ৫২৩ ডলারের সবজি রপ্তানি হয়েছিল। এর মধ্যে মধ্যপ্রাচ্যের আট দেশেই রপ্তানি হয় ৫ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার ডলারের সবজি।
বাংলাদেশ থেকে নানা ধরনের সবজি রপ্তানি হয়। এর মধ্যে বেশি রপ্তানি হচ্ছে লাউ, কুমড়া, পটোল, বেগুন, ঢ্যাঁড়স, আলু, পেঁপে, চিচিঙ্গা, কাঁকরোল, কাঁচা মরিচ, বরবটি, শিম, টমেটো ও বিভিন্ন ধরনের শাক।
সারা বিশ্বে প্রায় ৯০ লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই আছেন প্রায় ৬০ লাখ। তাঁদের লক্ষ্য করেই মূলত এ দেশ থেকে এসব সবজি রপ্তানি করা হয়।
জানতে চাইলে বাংলাদেশ ফল, সবজি এবং এ-সংক্রান্ত পণ্য রপ্তানিকারক সমিতির (বিএফভিএপিইএ) উপদেষ্টা মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পুরো মধ্যপ্রাচ্যেই আমাদের সবজি-ফলের রপ্তানি বেশ ভালো। সেসব দেশে বসবাসকারী বাংলাদেশিরাই এসব কৃষিপণ্যের বড় ক্রেতা। আমরা যদি মধ্যপ্রাচ্যের স্থানীয় মানুষদের ক্রেতা বানাতে পারি, তাহলে আমাদের রপ্তানি আরও বাড়ানো সম্ভব।’
এ বিষয়ে ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু প্রথম আলোকে বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের অবস্থানের কারণেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সবজির রপ্তানি ভালো। এর পাশাপাশি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার লোকজনও এ দেশের সবজি খাচ্ছেন। তবে আমরা এখনো বিদেশিদের আমাদের সবজির ক্রেতা বানাতে পারিনি।’
শুভাশীষ বসু বলেন, এ দেশ থেকে রপ্তানি হওয়া সবজিতে ব্যাকটেরিয়া পাওয়া গেছে। সে কারণে বিদেশিরা ফাইটোস্যানিটারি সনদ ছাড়া সবজি কিনতে চান না। এসব সমস্যা কাটিয়ে তাঁদের উপযোগী করে সবজি রপ্তানি করতে হলে রপ্তানিকারকদের চুক্তিতে চাষে (কন্ট্রাক্ট ফার্মিং) যেতে হবে। এতে করে তাঁরা নিজেরাই সরাসরি মানের দিকে নজর দিতে পারবেন।
রপ্তানিকারকেরা জানান, বাংলাদেশের সবজি রপ্তানির ৪৫ শতাংশ যায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে। এর পরই বেশি যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।
ইপিবির তথ্য বলছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সবজি রপ্তানি বাড়ছে। এর মধ্যে সবচেয়ে বেশি সবজি রপ্তানি হয় সৌদি আরবে। গেল ২০১৩-১৪ অর্থবছরে পুরো মধ্যপ্রাচ্যে যত সবজি রপ্তানি হয়, তার প্রায় অর্ধেকেই গেছে এই দেশটিতে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে সৌদি আরবে যেখানে ২ কোটি ৮৩ লাখ ৭৫ হাজার ৬২৫ ডলারের সবজি রপ্তানি হয়, সেখানে গত অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৩ কোটি ২৫ লাখ ৯২ হাজার ২৬১ ডলারে।
সংযুক্ত আরব আমিরাতও বাংলাদেশি সবজির বড় বাজার। দেশটিতে ২০১২-১৩ অর্থবছরে ৮৪ লাখ ডলারের সবজি রপ্তানি হলেও গত অর্থবছর তা বেড়ে রপ্তানি হয়েছে ১ কোটি ১৩ লাখ ৩০ হাজার ডলারে। একইভাবে কুয়েতে ২০১২-১৩ অর্থবছরে যেখানে ৭৬ লাখ ৯২ হাজার ডলারের সবজি রপ্তানি হয়, গেল অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯ লাখ ডলারে।
রপ্তানিকারকেরা বলছেন, কিছু তাজা তরিতরকারি সারা বছরই রপ্তানি হয়। আর কিছু তরিতরকারি রপ্তানি হয় বিভিন্ন মৌসুমে। তবে প্রবাসী বাংলাদেশিদের কাছে মৌসুমি ফল ও সবজির কদর বেশি।
মধ্যপ্রাচ্যের কাতারে সবজি রপ্তানি ৭৭ লাখ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩ লাখে, বাহরাইনে ১৫ লাখ ডলার থেকে বেড়ে ২৪ লাখ ডলারে এবং ওমানে ১০ লাখ ডলার থেকে বেড়ে ১৯ লাখ ডলার হয়েছে।
দেশের সবজির বড় বাজার ইউরোপের দেশগুলো। তবে রপ্তানি হওয়া সবজি ও পানের চালানে কয়েক দফা মানবদেহের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়ার পর এসব দেশ বাংলাদেশের সবজি আমদানিতে একধরনের সতর্ক অবস্থায় আছে। আবার বাংলাদেশের পান রপ্তানির ওপর ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে ইইউ।
অবশ্য ইউরোপের দেশগুলোতে পান রপ্তানি না হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বেশ পান রপ্তানি হচ্ছে। মূলত পানের রপ্তানি টিকিয়ে রেখেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো।