আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকেই তেলের দাম বেড়েছে বলে বিশ্লেষকেরা মনে করেন।নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে শুক্রবার লাইট-সুইট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২২ ডলার বেড়ে ৮৬ দশমিক ৬৭ ডলারে উন্নীত হয়েছে। অন্যদিকে লন্ডনের ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে একই দিনে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯৪ সেন্ট বেড়ে ১০৮ দশমিক ৯৫ ডলারে উঠেছে।অথচ বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তার আশঙ্কায় বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম খানিকটা কমেছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনার জের ধরে ব্যবসায়ীরা ধরা খাওয়ার ভয়ে সপ্তাহ শেষ হওয়ার আগে আর ঝুঁকি নিতে চাননি। পরিস্থিতি আরও খারাপ হতে পারে—এমন আশঙ্কায় তারা তেলের জন্য বেশি পরিমাণে ক্রয়াদেশ দেওয়ায় পণ্যটির দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে।ইসরায়েলি সেনারা শুক্রবার গাজা উপত্যকায় আবারও অভিযান চালায় এবং ফিলিস্তিনের বিভিন্ন এলাকা বন্ধ করে দেওয়ায় ওই অঞ্চলে রাজনৈতিক উত্তেজনা বেড়ে যায়।এর আগে গত বুধবার গাজা শহরে ইসরায়েলের এক বিমান হামলায় ফিলিস্তিনের হামাস গোষ্ঠীর সামরিক প্রধান আহমেদ জাবারি নিহত হন। অন্যদিকে ফিলিস্তিনিরাও জেরুজালেম ও তেলআবিবে রকেট হামলা চালায়। ফিলিস্তিন-ইসরায়েল উত্তেজনা গোটা মধ্যপ্রাচ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এর ওপর ইরানের সঙ্গে তো পশ্চিমা বিশ্বের বিরোধ আছেই।এ ছাড়া মেক্সিকো উপসাগরে লুইজিয়ানার কাছে একটি তেল উত্তোলন ক্ষেত্রে এক বিস্ফোরণে নয়জন শ্রমিকের আহত হওয়ার ঘটনাও বিশ্ব তেলের বাজারকে উসেক দেয়। সূত্র: বাসস ও এএফপি।