বিশ্বে দরিদ্র বা অতিদরিদ্র শ্রমিকের সংখ্যা কমছে। গড়ে প্রতিদিনই ২৭ হাজার কর্মজীবী মানুষ বেরিয়ে আসছে চরম দারিদ্র্যের বলয় থেকে। সেই সুবাদে শ্রমিকদের মধ্যবিত্ত হয়ে ওঠার হার বাড়ছে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘গ্লোবাল এমপ্লয়মেন্ট ট্রেন্ডজ’ বা ‘বিশ্ব কর্মসংস্থান প্রবণতা ২০১৪’ শীর্ষক প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গেছে৷ ওয়াশিংটনভিত্তিক প্রগেসিভ পলিসি ইনস্টিটিউট এসব তথ্য বিশ্লেষণ করে বলছে, ১৯৯১ সালে বিশ্বে যেখানে খুব গরিব শ্রমিক ছিলেন ৮১ কোটি ১০ লাখ, সেখানে ২০০১ সালে সেই সংখ্যা কমে হয় ৬৭ কোটি ৫০ লাখ৷ আরেক দশক পরে ২০১১ সালে এই সংখ্যা ৪০ কোটি ৬০ লাখ এবং সর্বশেষ ২০১৩ সালে ৩৭ কোটি ৫০ লাখে নেমে এসেছে৷
আইএলওর তথ্য অনুযায়ী বিশ্বে বর্তমানে মোট শ্রমজীবীর সংখ্যা ৩১৪ কোটি। এর মধ্যে উচ্চ ও মধ্য আয়ের শ্রমিক প্রায় ১৫৯ কোটি৷ তাঁদের সম্পদশালী ও মধ্যবিত্ত শ্রমিক হিসেবেও অভিহিত করা হয়৷ আর দরিদ্র শ্রমিক ১৫২ কোটি।
ধনী দেশগুলোতে সম্পদশালী শ্রমিকের সংখ্যা ৪৮ কোটি ৫০ লাখ। আর আইএলওর সংজ্ঞা অনুযায়ী উন্নয়নশীল দেশগুলোতে ‘উন্নত বিশ্বের মধ্যবিত্ত শ্রেণির মতো’ দৈনিক অন্তত ১৩ মার্কিন ডলার বা এর চেয়ে বেশি আয় করেন—এমন শ্রমিকের সংখ্যা ২৮ কোটি। তবে ‘উন্নয়নশীল বিশ্বের মধ্যবিত্ত শ্রমিক’—এভাবে ধরলে তাঁদের সংখ্যা ৮২ কোটি, যাঁদের দৈনিক ন্যূনতম আয় চার ডলার থেকে সর্বোচ্চ ১৩ ডলার।
অন্যদিকে দরিদ্র শ্রেণিতে বিশ্বে মোট শ্রমিক ৮৩ কোটি ৯০ লাখ। এর মধ্যে ৪৬ কোটি ৪০ লাখ শ্রমিকের প্রত্যেকের দৈিনক আয় সোয়া ডলার থেকে দুই ডলার। আর ৩৭ কোটি ৫০ লাখ শ্রমিক ‘চরম দরিদ্র’ হিসেবে বিবেচিত, যাঁদের দৈনিক আয় সোয়া ডলারের কম, যা বাংলাদেশি মুদ্রায় মাত্র ১০০ টাকার মতো (প্রতি ডলার ৮০ টাকা হিসাবে)। প্রায় দরিদ্র অর্থাৎ দরিদ্রদের চেয়ে একটু বেশি উপার্জনকারী শ্রমিক আছেন ৬৮ কোটি, যাঁদের প্রতিদিনের আয় দুই থেকে চার ডলার পর্যন্ত।
শ্রমিকদের ওভারটাইম বা অতিরিক্ত সময়ের কাজ হিসাব করে আইএলও বলেছে, বিশ্বজুড়ে শ্রমিকেরা দ্রুত মধ্যবিত্ত শ্রেণিতে উন্নীত হচ্ছেন।
বিশ্বে খুব গরিব শ্রমিকদের বড় অংশই হলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান, ভুটান ও মালদ্বীপকে নিয়ে গঠিত দক্ষিণ এশিয়ায়। এই অঞ্চলে খুব গরিব শ্রমিকের সংখ্যা ১৫ কোটি ৫০ লাখ। চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় চার কোটি ৩০ লাখ শ্রমিক খুব গরিব। সাব-সাহারা আফ্রিকা অঞ্চলে এ ধরনের শ্রমিক ১৩ কোটি।
বিশ্বে সার্বিকভাবে শ্রমিকদের মধ্যবিত্ত হয়ে ওঠার হার বাড়লেও কিছু দেশের অবস্থা বেশ খারাপ। যেমন লাইবেরিয়ায় মোট শ্রমিকের ৮২ শতাংশই চরম দরিদ্র, যাঁদের দৈনিক উপার্জন সোয়া ডলারের চেয়ে কম। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ শতাংশ চরম দরিদ্র শ্রমিক রয়েছেন মাদাগাস্কারে। এই উল্লেখযোগ্য কয়েকটি দেশ হচ্ছে জাম্বিয়া (৬৫%), আফগানিস্তান (৫১%), নাইজেরিয়া (৪৫%), হাইতি (৩৩%), ভারত (২৫%), মিয়ানমার (১৯%)।
আইএলও আশা করছে, ২০১৮ সাল নাগাদ বিশ্বে উচ্চ ও মধ্যম আয় এবং ‘উন্নয়নশীল বিশ্বের মধ্যবিত্ত শ্রেণির’ শ্রমিকের সংখ্যা বর্তমান ১৫৮ কোটি থেকে বেড়ে ১৯০ কোটিতে উঠবে। একই সময়ে দরিদ্র ও প্রায়-দরিদ্র শ্রমিকের সংখ্যা এখনকার ১৫২ কোটি থেকে কমে ১৪০ কোটিতে নেমে আসবে।
আইএলওর বৈশ্বিক প্রতিবেদন
দৈনিক সোয়া ডলার বা এর চেয়ে কম আয়ের শ্রমিক
সাল শ্রমিক
(কোটিতে)
১৯৯১ ৮১.১০
২০০০ ৬৯.৩
২০১১ ৪০.৬
২০১২ ৩৮.৫
২০১৩ ৩৭.৫
মোট শ্রমিক
৩১৪ কোটি
মধ্যম ও উচ্চ
আয়ের শ্রমিক
১৫৯ কোটি
দরিদ্র ও প্রায়
দরিদ্র শ্রমিক
১৫২ কোটি
* আইএলওর হিসাব