মধ্যবিত্তকে ছাড় দিয়ে উচ্চ ধনীদের কর বাড়ানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী নির্বাচনের বিবেচনা সামনে রেখে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম গতকাল বৃহস্পতিবার ২০১৩-১৪ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন। নতুন বাজেটে একদিকে তিনি ধনী ও সম্পদশালীদের ওপর কর বাড়িয়েছেন, অন্যদিকে মধ্যবিত্ত তথা তেমন সম্পদশালী নয় সমাজের এমন জনগোষ্ঠীকে কিছু সুরক্ষা দিয়েছেন।চিদাম্বরম তাঁর অষ্টম বাজেটে যুবসমাজ, নারী ও তেমন সম্পদশালীদের প্রতি বিশেষভাবে নজর দিয়েছেন। রাষ্ট্রীয় খাতে পুরোপুরি নারীদের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক গঠনের জন্য এক হাজার কোটি রুপি বরাদ্দ এবং নারী ও কন্যাশিশুদের জন্য নির্ভয় তহবিলে এক হাজার কোটি রুপি প্রদানের ঘোষণা লোকসভায় দুই গুরুত্বপূর্ণ নারী সোনিয়া গান্ধী ও সুষমা স্বরাজের উচ্ছ্বাস কেড়েছে।আম-আদমি ও বৃহৎ মধ্যবিত্ত শ্রেণীর ওপর বাড়তি বোঝা না চাপিয়ে বরং অতি ধনীদের (সুপার রিচ) সুনির্দিষ্ট করে দিয়েছেন, যাঁদের বার্ষিক আয় এক কোটি রুপির ওপরে। আর এই আয়ের ওপর বাড়তি ১০ শতাংশ হারে সারচার্জ আরোপ করেছেন। অতি ধনীদের বিলাসসামগ্রী স্পোর্টস মোটরগাড়ির ওপর কর বাড়িয়েছেন। অবশ্য করমুক্ত আয়সীমাসহ আয়করের স্তর অপরিবর্তিতই রেখেছেন। বর্তমান বার্ষিক করমুক্ত আয়সীমা এক লাখ রুপি। পাশাপাশি যাঁদের বার্ষিক আয় দুই লাখ থেকে পাঁচ লাখ রুপি, তাঁরা দুই হাজার রুপির কর ছাড় পাবেন।পল্লিমুখী বিভিন্ন কর্মসূচি, বস্ত্র, কৃষি ও কিছু ক্ষেত্রে অবকাঠামোয় করমুক্ত বন্ড অব্যাহত রাখা হয়েছে নতুন বাজেটে। চিদাম্বরম ৫০ লাখ রুপির ওপরের সম্পত্তি ক্রয়-বিক্রয় লেনদেনের ওপর ১ শতাংশ হারে সারচার্জ আরোপ করার প্রস্তাব দিয়েছেন। তবে কৃষিজমির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। গৃহঋণের ক্ষেত্রে ২৫ লাখ রুপির বেশি ঋণগ্রহীতার সুদের ওপর এক লাখ রুপির সুবিধা পাবেন।বাজেটে অর্থমন্ত্রী বলেন, ‘যখন বিশ্বমন্দার সময় চলছে, তেমন এক সময়ই এই বাজেট পেশ করা হচ্ছে। তবে উদ্বেগেরে কারণ হলো, দেশের চলতি হিসাবের ঘাটতি। মূল্যস্ফীতিও দুশ্চিন্তার কারণ। তাই আমাদের সামাজিক ক্ষেত্রসমূহকে উন্নত করতে হবে।’চিদাম্বরম মোট ১৬ লাখ ৬৫ হাজার কোটি রুপি (প্রায় ৩০ হাজার ৯০০ কোটি ডলার) ব্যয় বরাদ্দের বাজেট পেশ করেছেন। রাজস্ব ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪ দশমিক ৮০ শতাংশে নামিয়ে আনার কথা বলেছেন। বিদায়ী অর্থবছরে তা ৫ দশমিক ২০ শতাংশ হতে যাচ্ছে। তিনি পরিকল্পনা খাতের জন্য পাঁচ লাখ ৫৫ হাজার ৩২২ কোটি রুপি এবং পরিকল্পনাবহির্ভূত খাতে বরাদ্দ করেন দুই লাখ ৩৫ হাজার ২৯৭ কোটি রুপি।