মধ্যবিত্তের আবাসনে জোর দিচ্ছে শেল্টেক্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের মাজার রোডে ৬৮ কাঠা জায়গাজুড়ে ১৮৪টি অ্যাপার্টমেন্ট তৈরি করছে দেশের অন্যতম আবাসন প্রতিষ্ঠান শেল্টেক্। মধ্যবিত্ত শ্রেণির চাহিদার বিষয়টি মাথায় রেখেই এটি নির্মাণ করা হচ্ছে। ‘শেল্টেক্ বীথিকা’ নামের এ প্রকল্পের ভেতরে থাকছে শিশুদের খেলার জায়গা, কমিউনিটি সেন্টার, সুইমিং পুল, ব্যাংকের এটিএম বুথ, জিমনেসিয়ামের মতো বাড়তি কিছু সুবিধা।
শেল্টেকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তৌফিক এম সেরাজ গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় এই আবাসন প্রকল্প সম্পর্কে এসব তথ্য জানান। শেল্টেক্ বীথিকা প্রাঙ্গণে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ ও পরিচালক সামিয়া সেরাজ।
প্রতিষ্ঠানের ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। বর্ষপূর্তির দিন অর্থাৎ আগামীকাল শনিবার থেকে এখানেই শুরু হতে যাচ্ছে ২০ দিনব্যাপী শেল্টেক্ বর্ষপূর্তি মেলা ২০১৬।
তৌফিক এম সেরাজ বলেন, ঢাকায় জনসংখ্যার চাপে শিশুদের খেলার জায়গা পাওয়া এবং নিত্যদিনের নানা প্রয়োজনে যানজট উপেক্ষা করে বিভিন্ন দিকে যাওয়া খুব কঠিন। এসব বিষয় মাথায় রেখেই খেলার জায়গা, খোলামেলা পরিবেশ ও দৈনন্দিন জীবনের সব প্রয়োজন পূরণের মতো এক প্রকল্প হলো শেল্টেক্ বীথিকা।
অন্যান্য বছর শেল্টেকের আবাসন মেলাটি ঢাকার পান্থপথে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজন করা হয়। এবার এখানে আয়োজন করার উদ্দেশ্য সম্পর্কে তৌফিক এম সেরাজ বলেন, শেল্টেকের এখন পর্যন্ত সবচেয়ে বড় ও নান্দনিক এই অ্যাপার্টমেন্ট প্রকল্প সবার সামনে উপস্থাপন করতেই এবারের মেলাটি এই প্রকল্পে আয়োজন করা হচ্ছে।
শেল্টেকের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ বলেন, মূলত মধ্যবিত্ত শ্রেণির কথা মাথায় রেখেই বিভিন্ন আবাসন প্রকল্প হাতে নেয় শেল্টেক্। নির্ধারিত সময়ে সব অঙ্গীকার পূরণ করে প্রকল্প হস্তান্তরের জন্য শেল্টেক্ গ্রাহকের কাছে একটি আস্থার নাম।
অনুষ্ঠানে জানানো হয়, শেল্টেক্ বর্ষপূর্তি মেলা শনিবার শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে। এতে ঢাকার বিভিন্ন স্থানে শেল্টেকের অ্যাপার্টমেন্ট ও জমি বিক্রি করা হবে। মেলায় অ্যাপার্টমেন্টের বুকিং দিলে ক্রেতাদের জন্য মিলবে বিনা মূল্যে ইন্টেরিয়র ডেকোরেশন সুবিধা। আর এককালীন মূল্য পরিশোধে বিশেষ ছাড়ের সঙ্গে থাকছে অ্যাপার্টমেন্টের মোট মূল্যের ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত দীর্ঘমেয়াদি ঋণ পাওয়ার সুবিধা। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই মেলা।
অনুষ্ঠানে শেল্টেকের বিভিন্ন প্রকল্পে ভবন নির্মাণের নিরাপত্তাসহ কারিগরি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানটির পরিচালক সামিয়া সেরাজ।