মধ্যবিত্তের স্বস্তি এল না!
সরকারি চাকুরে তানভির আহমেদ বাজারে যেতে ভয় পান আজকাল। গিন্নির কাছ থেকে বাজারের ব্যাগ আর কেনাকাটার ফর্দ হাতে নিয়ে ভাবেন, তিনি কি কখনো পরিবারের সবাইকে সন্তুষ্ট করতে পারবেন? চাল-ডাল-তেল-চিনি জোটাতেই হিমশিম, শখের জিনিস মনেই গোপন থাকে! তানভির আহমেদের মতো বহু মানুষের কাছে এখন বাজার মানেই আতঙ্ক আর হতাশা। দুরু দুরু বুকে তাঁদের অনেকেই গতকাল হাতের কাজ গুছিয়ে টিভি সেটের সামনে বসেন অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শুনতে। কিন্তু আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ইঙ্গিত পেলেন না তানভির।গত বছরের এই দিনে মাঝারি মানের নাজিরশাইল চালের দাম ছিল ৩২ টাকা, এ বছর ৩৮-৪৫ টাকা, আটার দাম বেড়েছে কেজিতে ৯-১১ টাকা, ভোজ্যতেল প্রতি লিটারে ২৯ থেকে ৩৩ টাকা। বাজেট মানেই তো দাম বৃদ্ধি! আজ কি বাজার চড়া থাকবে? রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে তো? এক বছর পর কী হবে? তানভিরের স্ত্রী আকলিমাও নিরাশ। দিন শেষে সবার পাতে তাঁকেই তো খাবারটা তুলে দিতে হয়। তবে সিগারেটের দাম বাড়ায় বেজায় খুশি তিনি। তাঁর পরিবারের সব পুরুষ সদস্যই তামাক সেবন করেন। স্বামী-দেবর সিগারেট আর শ্বশুর পানের সঙ্গে জর্দা। এই ধাক্কায় যদি এরা কিছুটা সংযত হয়। এসবে কর যোগের প্রস্তাব আছে। তানভিরের বেকার ভাই সাব্বিরের মন রীতিমতো খারাপ। শেয়ারবাজারের ওঠানামার ওপর তার সুখ-দুঃখের পারদ ওঠে-নামে। অর্থমন্ত্রী বলেন, ‘সরকার পুঁজিবাজারের বিকাশ ও স্থিতিশীলতা রক্ষায় বদ্ধপরিকর। এ জন্য অনেক বিনিয়োগকারীর শেয়ার মুনাফা থেকে করযোগ্য সীমার অধিক আয় সত্ত্বেও কর অব্যাহতি সুবিধা বহাল রাখার প্রস্তাব করছি।’বাবার পেনশনের টাকা শেয়ারবাজারে খাটিয়েছিলেন সাব্বির। চোখের সামনে সব টাকা হাওয়া হয়ে গেল। শুধু এটুকুতে মন ভরল না তার।তানভির-সাব্বিরের বাবা আয়নাল হোসেন অবশ্য এত হতাশার মধ্যেও একচিলতে সুখ বোধ করছেন। করমুক্ত আয়ের সীমা এক লাখ ৬৫ হাজার থেকে এক লাখ ৮০ হাজার টাকা হয়েছে। সঞ্চয়পত্রের সুদে ১০ শতাংশের বদলে পাঁচ শতাংশ কাটার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তাঁর কিছু সঞ্চয়পত্র আছে। প্রধানমন্ত্রী, মন্ত্রী, বিচারপতিদের বেতন, সাংসদদের সম্মানী করের আওতায় আসছে জেনেও পুলক বোধ করছেন এই বৃদ্ধ। অন্তত একটা জায়গায় দেশের আর পরিবারের কর্ণধার এক সারিতে নেমে এলে মন্দ হয় না!