মধ্যম আয়ের দেশ হতে হলে দারিদ্র্য কমাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে দারিদ্র্যসীমার নিচে এখনো অনেক মানুষ বাস করছে। তাদের জীবনমান উন্নত করতে না পারলে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের বের হয়ে আসা কঠিন হবে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি এলডিসিভুক্ত দেশের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মতামত ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রাজধানীর একটি হোটেলে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী এ সম্মেলন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (ইউএনএসকাপ) এবং জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স (ইউএনডিএসএ) যৌথভাবে এ সম্মেলন আয়োজন করছে।

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করছে। এত মানুষ দরিদ্র থাকলে নতুন বাজার তৈরি হবে না, দক্ষ জনগোষ্ঠীও সৃষ্টি হবে না । তাই মধ্যম আয়ের দেশ হতে হলে আমাদের দারিদ্র্য কমাতে হবে।’

মুহিত বলেন, ‘এলডিসি দেশগুলোর উন্নয়নে এত দিন আমরা শুধু নীতি-কৌশল ও কার্যক্রম বাস্তবায়নের ওপর জোর দিয়েছি। কিন্তু এসব কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ সংস্থানে ততটা গুরুত্ব দেওয়া হয়নি। এ ক্ষেত্রে উন্নত দেশগুলোর প্রতিশ্রুত আনুষ্ঠানিক সহায়তা তহবিলে (ওডিএ) সাহায্য প্রত্যাশিত পরিমাণে আসেনি, যা দুঃখজনক।’

অনুষ্ঠানে ভিডিও বার্তায় দেওয়া বক্তব্যে ইউএনএসকাপের নির্বাহী সচিব সামসাদ আক্তার বলেন, এলডিসিভুক্ত দেশগুলোতে একদিকে সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, অন্যদিকে সম্পদের যথাযথ ব্যবহারে দক্ষতার অভাব রয়েছে। অনেক অনুৎপাদনশীল খাতে সম্পদ ব্যবহার করা হয়, যা কমাতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। স্বাগত বক্তব্যে ইআরডিসচিব মোহাম্মদ মেজবাউদ্দিন বলেন, তিন দিনব্যাপী এ সম্মেলনে উন্নয়নবিষয়ক সাতটি কর্ম অধিবেশন হবে। দেশ ও বিদেশের বিশেষজ্ঞরা এতে কয়েকটি প্রবন্ধ উপস্থাপন করবেন। বাংলাদেশ ছাড়াও সম্মেলনে অংশ নিচ্ছে আফগানিস্তান, নেপাল, ভুটান, কিরিবাতি, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া, সলোমন দ্বীপপুঞ্জ, পূর্ব তিমুর, টুভালু ও ভানুয়াতুর প্রতিনিধিরা।