দেশে দারিদ্র্যসীমার নিচে এখনো অনেক মানুষ বাস করছে। তাদের জীবনমান উন্নত করতে না পারলে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের বের হয়ে আসা কঠিন হবে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি এলডিসিভুক্ত দেশের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মতামতই ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী এ সম্মেলন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (ইউএনএসকাপ) এবং জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স (ইউএনডিএসএ) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করছে। এত মানুষ দরিদ্র থাকলে নতুন বাজার তৈরি হবে না, দক্ষ জনগোষ্ঠীও সৃষ্টি হবে না । তাই মধ্যম আয়ের দেশ হতে হলে আমাদের দারিদ্র্য কমাতে হবে।
এলডিসি থেকে উত্তরণকে একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া অভিহিত করে অর্থমন্ত্রী মুহিত বলেন, বিশ্বায়নের এ যুগে শুধু নিজেদের অর্থনৈতিক কর্মকাণ্ড দ্বারা এলডিসি থেকে পদোন্নতি পাওয়া সম্ভব নয়। ২০১৫-পরবর্তী কৌশলগত উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) মাধ্যমে বৈশ্বিক সহযোগিতা বাড়িয়ে এ লক্ষ্য অর্জনে কার্যকর ফল পাওয়া যেতে পারে।
মুহিত আরও বলেন, এলডিসি দেশগুলোর উন্নয়নে এত দিন আমরা শুধু নীতি-কৌশল ও কার্যক্রম বাস্তবায়নের ওপর জোর দিয়েছি। কিন্তু এসব কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থসংস্থানে ততটা গুরুত্ব দেওয়া হয়নি। এ ক্ষেত্রে উন্নত দেশগুলোর প্রতিশ্রুত আনুষ্ঠানিক সহায়তা তহবিলে (ওডিএ) প্রত্যাশিত পরিমাণে সাহায্য আসেনি, যেটি দুঃখজনক।
বাংলাদেশ খানা আয়-ব্যয় জরিপ অনুসারে, বাংলাদেশের দারিদ্র্যের হার ২০১০ সালে ছিল ৩১ দশমিক ৫ শতাংশ। আর ২০০৫ সালে ছিল ৪০ শতাংশ। এই ধারাবাহিকতায় প্রাক্কলন করে বলা হচ্ছে ২০১৪ সালে (৩০ জুন পর্যন্ত) বাংলাদেশে দারিদ্র্যের হার ২৫.৬ শতাংশ। একইভাবে এটাও প্রাক্কলন করা হয়েছে যে দেশে চরম দারিদ্র্য হার ২০১০ সালের ১৭.৬ শতাংশ থেকে হ্রাস পেয়ে বর্তমানে ১২.৪ শতাংশে দাঁড়িয়েছে। তবে আরেকটি খানা আয়-ব্যয় জরিপ না হওয়া পর্যন্ত দারিদ্র্যের প্রকৃত পরিস্থিতি জানা যাবে না।
এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আরও বলেন, উন্নত দেশগুলোকে মনে রাখতে হবে তাদের নিজেদের উন্নয়নের জন্যও এলডিসি দেশগুলোর উন্নয়ন গুরুত্বপূর্ণ। এলডিসি দেশগুলোর উন্নয়নে ওডিএর বাইরে অর্থসংস্থানের উদ্যোগ নেওয়া দরকার।
অনুষ্ঠানে ভিডিও বার্তায় দেওয়া বক্তব্যে ইউএনএসকাপের নির্বাহী সচিব শামসাদ আখতার বলেন, এলডিসিভুক্ত দেশগুলোতে একদিকে সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, অন্যদিকে সম্পদের যথাযথ ব্যবহারে দক্ষতার অভাব রয়েছে। অনেক অনুৎপাদনশীল খাতে সম্পদ ব্যবহার করা হয়, যা কমাতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।
স্বাগত বক্তব্যে ইআরডি সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন বলেন, তিন দিনব্যাপী এ সম্মেলনে উন্নয়নবিষয়ক সাতটি কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হবে। দেশ ও বিদেশের বিশেষজ্ঞরা এতে কয়েকটি প্রবন্ধ উপস্থাপন করবেন। বাংলাদেশ ছাড়াও সম্মেলনে অংশগ্রহণ করছেন আফগানিস্তান, নেপাল, ভুটান, কিরিবাতি, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া, সলোমন দ্বীপপুঞ্জ, পূর্ব তিমুর, টুভালু ও ভানুয়াতুর প্রতিনিধিরা।
উল্লেখ্য, এলডিসির কাতার থেকে বের হতে হলে তিনটি প্রধান শর্ত পূরণ করতে হবে। প্রথমত, মাথাপিছু জাতীয় আয় অন্তত এক হাজার ১৯০ ডলার হতে হবে। এবং পরপর তিন বছর এই সীমার ওপরে মাথাপিছু আয় থাকতে হবে। দ্বিতীয়ত মানবসম্পদ সূচকে (শিক্ষা ও স্বাস্থ্য) অগ্রগতি ঘটাতে হবে। তৃতীয়ত, অর্থনৈতিক নাজুকতা সূচকের উন্নতি হতে হবে। অর্থনৈতিক নাজুকতার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে জনসংখ্যা, প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হওয়ার পরিমাণ, কৃষি উৎপাদনের অস্থিতিশীলতা ইত্যাদি।
বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় এক হাজার ১৯০ ডলার। সে হিসেবে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের প্রথম শর্ত পূরণ করে ফেলেছে। তবে বাকি দুটি ক্ষেত্রে অনেকগুলো বিষয় জড়িত রয়েছে।