বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে পর্যবেক্ষণ
মধ্যমেয়াদি প্রবৃদ্ধির জন্য পর্যাপ্ত অবকাঠামো জরুরি
বিদ্যুৎ, জ্বালানি ও যোগাযোগ অবকাঠামোর পর্যাপ্ত উন্নতি ঘটানো ছাড়া মধ্য মেয়াদে (২০১৩-১৭) বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২০ শতাংশ থেকে পর্যায়ক্রমে ৮ শতাংশে উন্নীত করা সম্ভব হবে না বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।বাংলাদেশ ব্যাংক আরও মনে করছে, এসব খাতে বড় প্রকল্পে সরকারি ও বেসরকারি বিনিয়োগের পাশাপাশি সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগের দিকে জোর দিতে হবে।কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন ২০১১-১২তে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। গতকাল সোমবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়।বার্ষিক প্রতিবেদনে আরও বলা হয়েছে, মধ্যমেয়াদি প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ২০১৩-১৭ সময়কালের মধ্যমেয়াদি অর্থনৈতিক কর্মকাঠামোয় নির্ধারণ করা হয়েছে, তাতে ২০১২-১৩ অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২০ শতাংশে উন্নীত করার এবং পর্যায়ক্রমে প্রতিবছর বেড়ে ২০১৬-১৭ অর্থবছরে ৮ শতাংশের সামান্য ওপরে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের মতে, প্রবৃদ্ধির এই প্রক্ষেপণ শিল্প ও সেবা খাতের বাড়তি সম্প্রসারণ বোঝায়। তবে এসব খাত থেকে প্রবৃদ্ধির প্রধান চালিকা হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং বহুমুখীকরণ ও উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে কৃষির উৎপাদন বৃদ্ধি।প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ২০১২-১৩ অর্থবছরে জিডিপিতে অভ্যন্তরীণ বিনিয়োগ ২৬ দশমিক ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ২০১৬-১৭ অর্থবছরে ৩২ দশমিক ৮০ শতাংশে উন্নীত করার কথাও বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, এটি সম্ভব হবে শিল্পমুখী ও বিনিয়োগবান্ধব অর্থনৈতিক নীতি ও কৌশল গ্রহণের মাধ্যমে।বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত এক দশকে বাংলাদেশের বার্ষিক গড় প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ২০ শতাংশ, যা নিঃসন্দেহে চিত্তাকর্ষক। এতে আরও বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের বাইরে, বিশেষত আসিয়ান ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বাংলাদেশের বাজার বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। সুবিবেচনাপ্রসূত অর্থনৈতিক নীতি ও সামাজিক সূচকে দ্রুত অগ্রগতি বাংলাদেশকে অদূর ভবিষ্যতে মধ্য আয়ের দেশে রূপান্তর করবে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক।