এবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক সদস্য মনসুর আলমের বিরুদ্ধে নিবিড় তদন্তে নামছে প্রতিষ্ঠানটি। পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী এই তদন্ত করছে কমিশন। ওই প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়। এসব অভিযোগ খতিয়ে দেখতে বিভাগীয় তদন্তের সুপারিশ করা হয়।এসইসি সূত্রে জানা যায়, এসইসির বিভাগীয় তদন্ত কমিটিকে তথ্য সরবরাহের জন্য ৮ আগস্ট সব বিভাগীয় প্রধান বরাবর একটি চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে এসইসির সাবেক সদস্য মনসুর আলমের বিরুদ্ধে নিবিড় তদন্তের স্বার্থে তদন্ত কমিটিকে আন-রিয়েলাইজড প্রফিটের বিপরীতে স্টক শেয়ার ইস্যুর বিষয়ে তথ্যাদি (যদি থাকে) চাওয়া হয়।চিঠিতে আরও যেসব তথ্য সরবরাহ করতে বলা হয়েছে তা হলো, মনসুর আলম কমিশনের সদস্য বা কর্মকর্তা থাকালীন শেয়ারবাজারে তাঁর সম্পৃক্ততা তথা তাঁর নিজ নামে অথবা স্ত্রী, পুত্র ও কন্যার নামে পরিচালিত কোনো বিও হিসাবের (যদি থাকে) তথ্য ও উক্ত হিসাবসমূহের পরিচালিত লেনদেনের তথ্যাদি; ২০০৯ ও ২০১০—এই দুই বছরে সেকেন্ডারি বাজারে সার্কুলার ট্রেডিং ও ব্লক ট্রেডিং, অস্বাভাবিক লেনদেন প্রভৃতি বিষয়ে তাঁর সম্পৃক্ততা এবং এসব কাজে তিনি কোনো বে-আইনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন কি না; ২০০৯ ও ২০১০ সালে প্রাইমারি শেয়ার ইস্যু কর্মকাণ্ডে ডাইরেক্ট লিস্টিং, কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়ন, শেয়ারের ঊর্ধ্বমূল্য নির্ধারণ, বুকবিল্ডিং পদ্ধতির অপপ্রয়োগ, ফেসভ্যালু বা কম মূল্যে বিশেষ ব্যক্তি বা সংস্থাকে প্লেসমেন্ট প্রদান ইত্যাদি বিষয়ে তাঁর সম্পৃক্ততা এবং এসব কাজে তিনি কোনো বে-আইনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন কি না; রাইট শেয়ার, প্রেফারেন্স শেয়ার, আইপিও, রিপিট আইপিও, আন-রিয়েলাইজ্ড প্রফিটের বিপরীতে স্টক ইস্যু প্রভৃতি বিষয়ে সম্পৃক্ততা এবং এসব কাজে তিনি কোনো বে-আইনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন কি না। এসব তথ্য আগামীকাল মঙ্গলবারের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জমা দিতে বলা হয়েছে।পুঁজিবাজারে কারসাজির ঘটনা তদন্তে কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি এবং অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়নের অংশ হিসেবে এসইসির সাবেক সদস্য মনসুর আলমসহ অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে নিবিড় তদন্ত শুরু করে এসইসি। এরই মধ্যে এসইসির নির্বাহী পরিচালক তারিকুজ্জামানের বিরুদ্ধে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে এসইসি। এতে তারিকু্জ্জামানকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। আর সাবেক সদস্য মনসুর আলম ও নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীরের বিরুদ্ধে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে অধিকতর তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে এসইসির ১৯৯৪ সালের আইনের ৪২, ৪৩ ও ৪৪ ধারায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।আগামীকাল মঙ্গলবারের মধ্যে এ-সংক্রান্ত যাবতীয় তথ্য এসইসির এক পরিচালকের (সচিব, তদন্ত কমিটি) কাছে সরবরাহ করতে অনুরোধ করা হয়।প্রসঙ্গত, মনসুর আলমের ব্যাপারে ইব্রাহীম খালেদের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এসইসির কার্যক্রম পরিচালনায় শীর্ষপর্যায়ে থেকে তিনি ক্ষমতার অপব্যবহার করে ২০১০ সালের ৬ ও ৭ ডিসেম্বর অবৈধভাবে চেক ও নেটিং বিষয়ে দুটি নির্দেশনা জারি করেন। অনৈতিকতাকে বৈধতা প্রদানের প্রক্রিয়ায় মূল ঘটকের ভূমিকায় ছিলেন এসইসির সদস্য মনসুর আলম। চেয়ারম্যানের আনুকূল্য ও সম্মতি ছাড়া যেহেতু কমিশনের অনুমোদন-প্রক্রিয়া চূড়ান্ত হয় না, অতএব চেয়ারম্যান ও সদস্য মনসুর আলম উভয়েই দায়ী। পরবর্তী সময়ে তাঁর এ ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে অভিযোগ তোলা হলে তিনি পদত্যাগ করেন। আর ওই দুই নির্দেশনার সুযোগে একটি মহল শেয়ার বিক্রি করে পুঁজিবাজার থেকে বেরিয়ে যায়। ৮ ডিসেম্বর থেকে ভয়াবহ ধস নামে পুঁজিবাজারে।