ছয়তলার ইথারটেক্সে কাজ করতেন খালেদা আক্তার। গত এক বছরে একটি দিনও ঘুমের ওষুধ না খেয়ে ঘুমাতে পারেননি। চোখ বন্ধ করলেই সহকর্মীদের গোঙানির শব্দ শুনতে পান। মনে হয়, দুই বিমের ভেতর আটকা পড়ে থাকা সহকর্মী কাতরাচ্ছেন। বড় বড় নিঃশ্বাস নিয়ে পাশের আসনে কাজ করা সহকর্মী চলে যাচ্ছেন না-ফেরার দেশে।
সপ্তম শ্রেণীতে পড়ার সময় কাজে ঢুকেছিল নাসিমা। সামান্য শব্দেই সে এখন বাড়ি থেকে ছুটে বেরিয়ে যায়। একমুহূর্ত অন্ধকার ঘরে থাকতে পারে না।
এই খালেদা-নাসিমার মতো ধ্বংসস্তূপের ভেতর আটকে থাকা মানুষগুলোর একটি বড় অংশ আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কি না, সেই আশঙ্কা আছে। ঝুঁকিতে আছেন উদ্ধারকর্মীরা, শ্রমিক ও উদ্ধারকর্মীদের স্বজনেরাও।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসকেরা বলছেন, বেঁচে থাকা শ্রমিকদের ৪০ শতাংশকে আজীবন চিকিৎসা নিয়ে যেতে হবে। এক বছর চিকিৎসা নেওয়ার পরও রানা প্লাজার শ্রমিকেরা সুস্থ হননি, তাঁরা এখনো অসুস্থ।
খোঁজখবর নিয়ে জানা যায়, রানা প্লাজা ধসের চার দিন পর সেখানে পৌঁছেছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসকেরা। ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের পর আটকে পড়া জীবিত মানুষকে উদ্ধার করাই ছিল বিরাট এক চ্যালেঞ্জ। দিন দুয়েক পেরোনোর পর মানসিক চিকিৎসার প্রয়োজনীয়তার বিষয়টি সামনে আসে। চিকিৎসাসংশ্লিষ্ট ব্যক্তিরা বুঝলেন, শ্রমিকদের শুধু শরীরটাই থেঁতলে যায়নি, শুধু হাত-পা কাটা যায়নি, পাঁজরের হাড়, মেরুদণ্ডই ভাঙেনি, ভেতরটা চুরমার হয়ে গেছে।
ইনস্টিটিউটের পরিচালক ওয়াজিউল আলম, ফারুক আলম, শাহ আলম, এম এ হামিদের নেতৃত্বে চিকিৎসকের দল এনাম মেডিকেল কলেজ, সম্মিলিত সামরিক হাসপাতাল, সিআরপি, সাভার উপজেলা হেলথ কমপ্লেক্স, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসনকেন্দ্র, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ঘুরে চিকিৎসা দেয় রোগীদের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় ২৮ এপ্রিল থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের একটি দল কাজ করতে শুরু করে। প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ইনস্টিটিউটের চিকিৎসক আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘আমরা যখন এনাম মেডিকেলে পৌঁছলাম, রোগীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, তাদের অনেকেই ছিল নির্বাক, হতভম্ব। কারও কারও চোখেমুখে ছিল আতঙ্কের ছাপ। কেউ ছিল ভীষণ হতাশ। ঘটনার আকস্মিকতায় তারা কথা বলতে পারছিল না।’
এই রোগীদের চিকিৎসকেরা ‘সাইকোলজিক্যাল ফার্স্ট এইড’ দেন। তাঁদের বোঝানোর চেষ্টা করেন, ভাগ্যবান বলেই তাঁরা বেঁচে আছেন। এক মাস চিকিৎসার পরও চিকিৎসকেরা রোগীদের ‘ফলোআপ’ করছিলেন। একটা জরিপে দেখা গেল, ৭০-৮০ শতাংশ ‘অ্যাকিউট স্ট্রেস ডিজঅর্ডারে’ ভুগছেন।
রানা প্লাজার শ্রমিকদের আচরণে কী রকম অস্বাভাবিকতা ধরা পড়ছে জানতে চাইলে চিকিৎসকেরা বলেন, এঁদের অনেকেই অতি আবেগপ্রবণ হয়ে পড়েছেন। যখনই রানা প্লাজার কথা মনে পড়ে, তখনই এঁরা চিৎকার করে কেঁদে ওঠেন। বারবার এঁদের স্মৃতিতে দুর্ঘটনা, সহকর্মীর মৃত্যু, রক্ত, মৃত লাশ ভেসে ওঠে। এঁরা দালানে ঢুকতে ভয় পান, সামান্য শব্দেই চমকে ওঠেন। প্রায়ই এঁরা এমন এক জগতে চলে যান, যেখানে আছে শুধু অন্ধকার, মৃত্যু আর চিৎকার।
চিকিৎসকেরা বলছেন, সাভারের রানা প্লাজার শ্রমিকদের মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজন হলেও তাঁদের অনেকেই ঢাকায় এসে সেবা নিচ্ছেন না। সাভারে যদি দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যবস্থা হতো, হয়তো অনেকেই সেবা নিতেন।