ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চার পরিচালক পদে নির্বাচনের জন্য আগ্রহী আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।তাঁরা হলেন: আবদুল হক, এ এস শাহুদুল হক বুলবুল, মিনহাজ মান্নান ইমন, মোহাম্মদ ফখরুল ইসলাম, শরীফ আনোয়ার হোসেন, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ হানিফ ভূঁইয়া ও হাবিব আবুল মোস্তাক।গতকাল রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় শেষে নির্বাচন কমিশন আগ্রহী এই আটজন প্রার্থীর নাম ঘোষণা করেন।যদিও নির্বাচনে আগ্রহী ১০ জন প্রার্থী পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছ থেকে অনাপত্তিপত্র সংগ্রহ করেছিলেন। তাঁদের মধ্যে কাজী ফিরোজ রশীদ ও মোহাম্মদ সাজেদুল ইসলাম শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি।নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওই দিনই প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হবে।ডিএসই সূত্র জানায়, এ বছরই সংস্থাটির চার পরিচালকের মেয়াদ শেষ হচ্ছে। তাঁরা হলেন: বর্তমান সভাপতি শাকিল রিজভী, সহসভাপতি মোহাম্মদ শাহজাহান, পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম ও আবদুল হক। এই চার পদে ১১ মার্চ সদস্যদের ভোটে নতুন পরিচালক নির্বাচিত হবেন।