প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
তবে ওই অনুষ্ঠানেই কয়েকজন ব্যবসায়ী নেতা মনোয়ারা হাকিম আলীকে এফবিসিসিআইয়ের আগামী নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেন। বর্তমানে তিনি সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি।
রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে গতকাল রোববার নারী দিবসের অনুষ্ঠানের আয়োজন করে এফবিসিসিআই। দিবসটি উপলক্ষে কেকও কাটা হয়।
ওই অনুষ্ঠানের শেষ দিকে রংপুর মহিলা চেম্বারের সভাপতি আনোয়ারা ফেরদৌস আগামী নির্বাচনে এফবিসিসিআইয়ের সভাপতি পদে মনোয়ারা হাকিম আলীর নাম প্রস্তাব করেন। এ সময় এফবিসিসিআইয়ের পরিচালক আনোয়ার হোসেন, আবু মোতালেব, বজলুর রহমান, আবদুর রাজ্জাক, এম এ মোমেনসহ মহিলা চেম্বারের কয়েকজন প্রতিনিধি এ প্রস্তাবে সমর্থন দেন।
তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি অনুষ্ঠানে উপস্থিত থাকা মনোয়ারা হাকিম আলী।
এর আগে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, ‘নারীদের সহায়তা করা মানে মানবতার সহায়তা করা। আমরা নারীদের জন্য সাতটি চেম্বার দিয়েছি। আগে কখনো এটি ছিল না।’
সংগঠনের সহসভাপতি হেলাল উদ্দিন বলেন, নারীর ক্ষমতায়ন মানে ঝগড়া করা না। নারীর ক্ষমতায়ন মানে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া।