দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) দুই বছর মেয়াদি পরিচালনা পর্ষদের নির্বাচনে সভাপতি প্রার্থী হচ্ছেন বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি মনোয়ারা হাকিম আলী। তিনি গতকাল শনিবার তাঁর প্যানেল ঘোষণা করেছেন।
ঢাকার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে মনোয়ারা হাকিম আলী প্যানেল ঘোষণা করেন। তাঁর প্যানেলের নাম ‘স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ’।
এফবিসিসিআইয়ের নির্বাচনে চেম্বার ও অ্যাসোসিয়েশন—এ দুই গ্রুপে পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শুধু চেম্বার গ্রুপের ১৬ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। অ্যাসোসিয়েশন গ্রুপের প্যানেল পরে ঘোষণা করা হবে।
মনোয়ারা হাকিমের নেতৃত্বে চেম্বার গ্রুপের প্যানেলে আছেন এফবিসিসিআইয়ের সাবেক দুই সহসভাপতি আবুল কাসেম আহমেদ ও দেওয়ান সুলতান আহমেদ, বিজয় কুমার কেজরিওয়াল, কোহিনূর ইসলাম, তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান, মোহাম্মদ মাসুদ, হাসিন আহমেদ, আমিনুল বারী, হাসানুজ্জামান, মাসুদ পারভেজ খান, তানজিল আহমেদ, হুমায়ুন রসিদ খান পাঠান, আবদুল ওয়াহেদ, আঞ্জুমান সালাউদ্দিন ও রেজা শাহ্ ফারুক।
এর আগে বৃহস্পতিবার অপর সভাপতি আবদুল মাতলুব আহমাদ ‘উন্নয়ন পরিষদ’-এর ব্যানারে ৩২ সদস্যের প্যানেল ঘোষণা করেছেন।
২৩ মে পরিচালক পদে এবং ২৫ মে সভাপতি ও দুই সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।