বাংলাদেশ অনেক এগিয়েছে এবং আমি আশাবাদী মানুষ। কিন্তু আমার আশাবাদ নিঃশর্ত নয়। আমার কথা হলো, বর্তমান পরিস্থিতিতে বাজেটে প্রথম ও প্রধান উদ্যোগ নিতে হবে স্বাস্থ্য খাতে। বাজেট বক্তৃতায় বলা হয়েছে, স্বাস্থ্য খাতের বরাদ্দের মাত্র ৪৯ শতাংশ বাস্তবায়ন হয়েছে। এমন একটি গতিশীল নেতৃত্ব আমরা স্বাস্থ্য খাতে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেখতে চাই, যাতে স্বাস্থ্য বাজেট সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয় এবং যার সুফল সাধারণ মানুষ পায়।
একটা জনকল্যাণমূলক রাষ্ট্রের জন্য দরকার শক্তিশালী স্বাস্থ্য খাত। যেটা গড়ে তোলার প্ল্যাটফর্ম ছিল কোভিডের এই দুই বছরে। কিন্তু প্রথম এক বছরে আমরা তা দেখতে পাইনি। আমরা যদি মধ্য মেয়াদে স্বাস্থ্য খাতে পরিবর্তন দেখতে চাই, তাহলে বরাদ্দ বাড়ালেই হবে না, ব্যয়ের সক্ষমতা ও স্বাস্থ্য খাতে বিশেষজ্ঞ বাড়াতে হবে। স্বাস্থ্য খাতে ব্যয় সক্ষমতার অভাব মেনে নেওয়া যায় না। সেই সঙ্গে টিকা পাওয়ার একটা অনিশ্চয়তা আছে। ৫০ শতাংশ মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় আনলে বিনিয়োগে নিশ্চয়তা ফিরে আসবে। অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিকভাবে নতুন উদ্যমে শুরু হবে। এখন নতুন বিনিয়োগের জন্য প্রধান প্রণোদনাই হলো টিকাদান কর্মসূচি।
বাজেটে জীবন ও জীবিকার যে কথা বলা হচ্ছে, তা ঠিক আছে। তবে আমাদের জীবন আগে বাঁচাতে হবে, তখন আপনাআপনি জীবিকা বাঁচবে। যে প্রণোদনা প্যাকেজ আগে ঘোষণা করা হয়েছে, তা ঠিকই আছে। তবে সেখানে দেখতে হবে ব্যবসায়ীদের যে প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছে, তা তাঁদের উৎপাদনশীলতা, প্রতিযোগিতা ও রপ্তানি সক্ষমতা বাড়াতে কতটা সহায়তা করেছে।
প্রতিবছর বাজেট আলোচনায় আমরা বলি যে আমাদের স্বাস্থ্য খাতে ব্যয় বা সামাজিক সুরক্ষা খাতে যথেষ্ট ব্যয় বরাদ্দ করা হচ্ছে না। না হওয়ার বড় কারণ হলো, আমাদের সরকারি ব্যয় জিডিপির সেই ১৫-১৬ শতাংশেই আছে। এবারও বাজেটে জিডিপির অনুপাতে ১৭ শতাংশ সরকারি ব্যয় ধরা হয়েছে। কিন্তু এই লক্ষ্য আমরা বাস্তবায়ন করতে পারব কি না, তার অনেকটাই নির্ভর করছে রাজস্ব আয়ের ওপর, আমাদের রাজস্ব ব্যবস্থাপনা কতটা শক্তিশালী, তার ওপর। এখন ধরে নিচ্ছি যে ব্যয়ের ১১ শতাংশ আসবে রাজস্ব আয় থেকে, মোটা দাগে বাকি ৬ শতাংশ ঘাটতি অর্থায়ন। কিন্তু ১১ শতাংশ অর্থায়নই যে রাজস্ব আয় থেকে আসবে, তার নিশ্চয়তা কী? অর্থমন্ত্রী বলেছেন, প্রায় ২৫ লাখ মানুষ আয়কর দেন। ১৭ কোটি মানুষের দেশে মাত্র ২৫ লাখ মানুষের আয়কর দেওয়া স্বাভাবিক নয়।
সরকারের উচিত একটা পরীক্ষা করা। ঢাকা শহরে অনেকগুলো কর অঞ্চল আছে। কিছু কিছু কর অঞ্চলকে বেছে নিয়ে সেখানে তারা নানা ধরনের সুযোগ-সুবিধা দেবে করদাতাদের। বাদবাকি অঞ্চলগুলো সেটার আওতামুক্ত থাকবে। তাহলে তারা বছরের শেষে বা ছয় মাস অন্তরে তুলনা করে দেখতে পারবে যে সুযোগ-সুবিধা দিচ্ছে, তাতে কর আদায় বাড়ছে কি না। এটি ঢাকার বাইরের কর অঞ্চলের মধ্যেও করা যায়।
বাজেটের সঙ্গে পরিকল্পনার যোগাযোগ আরও নিবিড় করতে হবে। এটা খুব দুঃখজনক যে স্বাধীনতার ৫০ বছর পূর্তির এই সময়ে আমরা দারিদ্র্য নিয়ে হালনাগাদ কোনো তথ্য দিতে পারছি না। আমাদের সর্বশেষ খানা জরিপ হয়েছে ২০১৬ সালে, সর্বশেষ শ্রম জরিপ হয়েছে ২০১৬-১৭ সালে। অর্থাৎ আমরা তিন-চার বছর পেছনে আছি। করোনা আসায় পরিস্থিতি বদলে গেছে। পুরোনো দরিদ্রের সঙ্গে নতুন দরিদ্র যুক্ত হয়েছে। আমি মনে করি, বিবিএসের উচিত আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে নগর এলাকায় একটি দ্রুত জরিপ করে হালনাগাদ তথ্য দেওয়া, যার মাধ্যমে আমরা জানতে পারব কতজন পুরোনো দরিদ্র, কতজন নতুন দরিদ্র, আর কতজন ক্ষণস্থায়ী দরিদ্র।
প্রণোদনা প্যাকেজের ক্ষেত্রে বড় ত্রুটি হলো ব্যবস্থাগত ত্রুটি। বড় ব্যবসায়ীদের কাছে তহবিল দ্রুত যেতে পেরেছে, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কাছে তা পারেনি। এ ক্ষেত্রে সমাধান হতে পারে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে তাদের মোবাইল ফোনের তথ্য বা ব্যাংকিং তথ্য যুক্ত করা। তাহলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হস্তান্তর করা যেত।
সার্বিকভাবে এই প্রশ্ন বারবারই উঠে আসছে যে আমাদের প্রকল্প ব্যবহার সক্ষমতা, ব্যয় সক্ষমতা কতটুকু। কেন আমরা পারছি না। এটা কি ভালো প্রকল্প নেই বলে পারছি না, নাকি নেতৃত্ব নেই বলে পারছি না। মন্ত্রণালয় পর্যায়ে নেতৃত্বের বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখতে হবে।
আমরা স্বল্প আয়ের দেশ থেকে নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। এখন আমরা ভাবছি আমাদের আর কোনো সংস্কারের দরকার নেই। সংস্কারের ধারা থেকে আমরা সরে এসেছি। আমরা গত এক দশকে যে অগ্রগতি করেছি, তার পেছনে রয়েছে নীতি সংস্কার। কিন্তু প্রাতিষ্ঠানিক সংস্কার সেভাবে করা যায়নি।
২০১৫ সালের পে কমিশনের পর কর রাজস্ব খাতে, আর্থিক খাতে, স্বাস্থ্য খাতে, সামাজিক সুরক্ষা খাতে খুব বড় ধরনের কোনো সংস্কার করতে পারিনি। আগে আমরা বিদেশিদের চাপে বাধ্য হয়ে সংস্কার কার্যক্রম করতাম। এখন বিদেশিদের চাপ নেই ভালো কথা, কিন্তু নিজেরা যে স্বতঃপ্রণোদিত হয়ে উন্নয়নের স্বার্থে সংস্কারপ্রক্রিয়া চালিয়ে যাব, সেই নির্দেশনা সব সময় থাকছে না। অথচ শুধু নীতি সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব না। আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কার করতেই হবে।