চট্টগ্রাম বন্দরের সেবা পেতে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। বন্দরের সেবার মান বাড়ানোর পরিবর্তে এখন পণ্য পরিবহন ব্যয় বাড়ানোর আয়োজন চলছে। এ জন্য নৌপরিবহন মন্ত্রণালয় এবং সংসদীয় স্থায়ী কমিটির ভূমিকাকে দায়ী করেছেন ব্যবসায়ী নেতারা।
চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে গতকাল সোমবার অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে ব্যবসায়ীরা এসব কথা বলেছেন। ‘বন্দরের সুষ্ঠু ব্যবস্থাপনা ও স্বচ্ছতাই দেশের অগ্রসরমান আমদানি-রপ্তানি বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল’ শীর্ষক এ বৈঠক আয়োজন করে চট্টগ্রাম চেম্বার।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। এতে বিজিএমইএ, বিকেএমইএ, শিল্পগোষ্ঠীর প্রতিনিধি, ফ্রেইট ফরোয়ার্ডার, শিপিং এজেন্ট, সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হলেও বন্দর ব্যবহারকারীরা সেবা পাচ্ছেন না। কাস্টম হাউসে শুল্কায়নে নতুন পদ্ধতি চালু হওয়ার পর বন্দরের সঙ্গে কোনো সমন্বয় না থাকায় একই কাজ দুই দফা করতে হচ্ছে। একাধিক আমদানিকারকের পণ্যভর্তি কনটেইনার পণ্য সরবরাহ ব্যবস্থাপনা দুর্বল থাকায় পণ্য চুরিরও অভিযোগ করেন তাঁরা।
ব্যবসায়ীরা বলেন, বন্দরে পণ্য ওঠানো-নামানোর দরপত্রে আগের চেয়ে তিন থেকে চার গুণ বেশি দর দিয়েছে ঠিকাদারেরা, যে কারণে পণ্য পরিবহনের ব্যয় বাড়ছে। কঠিন শর্ত দিয়ে দরপত্র আহ্বান করায় কয়েকটি প্রতিষ্ঠানের কাছে ব্যবসায়ীরা জিম্মি হয়ে গেছেন বলে অভিযোগ করেন তাঁরা।
নৌপরিবহন মন্ত্রণালয় ও সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে স্থানীয় সাংসদ ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফ বলেন, ‘বন্দরের পণ্য ওঠানো-নামানোর কাজে প্রতিযোগিতা ধ্বংস করার কোনো পাঁয়তারার সঙ্গে আপনারা যুক্ত হবেন না।’ তিনি বলেন, সাইফ পাওয়ারটেকের কোনো অভিজ্ঞতা ছিল না। গ্যান্ট্রি ক্রেন চালানোর জন্য আনা হয়েছিল। পরে কনটেইনার ওঠানো-নামানোয় ভালো দক্ষতা অর্জন করে প্রতিষ্ঠানটি। তাহলে এখন বন্দর থেকে লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠান কেন দরপত্রে অংশ নিতে পারে না? সবাইকে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।
বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী বন্দরের নানা প্রকল্প ও দরপত্রে দুর্নীতির অভিযোগ তুলে ধরে বলেন, যাঁদের তদারকি করার কথা, তাঁদের বিরুদ্ধে এখন কথা বলতে হবে। সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দুর্নীতির নাটাই হিসেবে পরিচিত হচ্ছে। বন্দর চেয়ারম্যান মন্ত্রণালয়ের মুখাপেক্ষী থাকায় মন্ত্রণালয়ের খবরদারি বেড়ে যায় বলেও অভিমত দেন তিনি।
চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, বন্দরের উপদেষ্টা কমিটি বন্দরের সমস্যা সমাধানে কোনো ভূমিকা রাখতে পারছে না। এটি বিলুপ্ত হলেই ভালো। পণ্য পরিবহন গতিশীল রাখতে রেলপথ ও মহাসড়ককে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ঘোষণারও দাবি জানান তিনি।
শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক সাহেদ সরোয়ার বলেন, বন্দরের সিসিটি ইয়ার্ডে কোনো রপ্তানি কনটেইনার রাখা হলে সেটি অন্য ইয়ার্ড থেকে জাহাজীকরণে হয়রানির শিকার হতে হয়। একই বন্দরে সব সুযোগ-সুবিধা সমান হওয়া উচিত।