মন্ত্রণালয় ও বেসরকারীকরণ কমিশনের টানাপোড়েন
সরকারি শিল্পপ্রতিষ্ঠানের অব্যবহূত জমি বাণিজ্যিকভাবে বরাদ্দ দেওয়ার উদ্যোগটির বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে। সম্প্রতি বেসরকারীকরণ কমিশন সরকারি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের অব্যবহূত জমি বাণিজ্যিকভাবে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেয়। কিন্তু বিষয়টি নিয়ে এরই মধ্যে একাধিক মন্ত্রণালয়ের সঙ্গে সংস্থাটির টানাপোড়েন তৈরি হয়েছে। বেসরকারীকরণ কমিশন সম্প্রতি বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ৩৯টি শিল্পকারখানা জরিপ করে অব্যবহূত প্রায় এক হাজার ২৮৮ একর জমি চিহ্নিত করে।। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বলছে, তাদের হাতে ইজারা দেওয়ার মতো কোনো জমি নেই। এর আগে সরকারি জমি ইজারা প্রদানের নীতিমালা ও করণীয় নির্ধারণে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রধান ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। কিন্তু পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতিতে তাঁর নাম জড়িয়ে যাওয়ায় তাঁকে আপাতত ছুটি দেওয়া হয়েছে। আর তাঁর জায়গায় বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদকে স্থলাভিষিক্ত করা হয়। সরকারি অব্যবহূত জমি নিয়ে মন্ত্রণালয় ও কমিশনের মধ্যে টানাপোড়নের মধ্যে আজ বুধবার ওই কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানা গেছে, সরকারি শিল্পকারখানার অব্যবহূত জমির হিসাব চেয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে চিঠি দেয় বেসরকারীকরণ কমিশন। এ-সংক্রান্ত কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে কমিশন এই চিঠি দেয়। চিঠির জবাবে শিল্প, পাট ও বস্ত্র এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে কমিশনকে লিখিতভাবে জানানো হয়, তাদের কাছে অব্যবহূত কোনো জমি নেই। অথচ এর আগে কমিশনের পক্ষ থেকে শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীন ৩৯টি শিল্পের ওপর জরিপ চালানো হয়। তাতে কমিশন এসব শিল্পের এক হাজার ২৮৮ একর জমি অব্যবহূত বা ইজারাযোগ্য বলে চিহ্নিত করে। শিল্প মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইডিসি), বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ৪১টি শিল্পে মোট জমি রয়েছে প্রায় এক লাখ ৪৯ হাজার ৩২৩ একরেরও বেশি। যার মধ্যে কোনো জমিই অব্যবহূত বা ইজারাযোগ্য অবস্থায় নেই বলে মন্ত্রণালয় জানিয়েছে। অথচ বেসরকারীকরণ কমিশন বলছে, শিল্প মন্ত্রণালয়ের অধীন ৪১টি শিল্পের মধ্যে ২৩টির ওপর জরিপ চালিয়ে কমিশন মোট এক লাখ ৩৮ হাজার ৮০৪ একর জমির হিসাব পেয়েছে। এর মধ্যে ইজারাযোগ্য জমি রয়েছে প্রায় এক হাজার ১৫২ একর। এ ছাড়া পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের ১৬টি প্রতিষ্ঠানের ওপর জরিপ চালিয়ে সেখানে প্রায় ১৩৬ একর জমি ইজারাযোগ্য বলে চিহ্নিত করে। কমিশন জানিয়েছে, অব্যবহূত এসব জমিকে পাঁচ একর করে একেকটি শিল্পের জন্য ইজারা দেওয়া হলে সেখানে ২৫৭টিরই বেশি শিল্প গড়ে তোলা সম্ভব হবে। এ প্রসঙ্গে বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান মির্জা আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ‘শিল্প বিকাশের স্বার্থে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে আমরা সরকারি অব্যবহূত জমি বাণিজ্যিকভাবে ব্যবহারের উদ্যোগ নিয়েছি। বিষয়টি এখন অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। এ অবস্থায় আমরা শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কাছে অব্যবহূত জমির একটি হিসাব চেয়েছিলাম। কিন্তু তারা জানিয়েছে তাদের হাতে কোনো জমি নেই। অথচ কমিশনের জরিপে দুই মন্ত্রণালয়ের ৩৯টি প্রতিষ্ঠানের কাছে ১২৮৮ একর অব্যবহূত জমির হিসাব পাওয়া গেছে।’কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ‘মন্ত্রণালয় থেকে আমাদের জরিপের তথ্য নিয়ে আগে কোনো ধরনের প্রশ্ন তোলা হয়নি। তাই এখন হঠাৎ করে জমি নেই বলে দাবি করলেও আমরা আমাদের জরিপের তথ্যকে ভিত্তি করে কাজ এগিয়ে নেব। যেহেতু প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে এ কাজটি করা হচ্ছে, তাই তাতে মন্ত্রণালয়গুলোর কোনো ধরনের বিরোধের সুযোগ আছে বলে আমি মনে করি না।’যোগাযোগ করা হলে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ প্রথম আলোকে বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত শিল্পকারখানায় ইজারাযোগ্য কোনো জমি না থাকার বিষয়টি এরই মধ্যে কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে কিছু অব্যবহূত জমি হয়তো আছে। এখন সেগুলো কাজে না লাগলেও আগামীতে কাজে লাগবে। সে বিবেচনায় এসব জমিকে আমরা ইজারাযোগ্য নয় বলে জানিয়েছি।’