মন্ত্রীর নির্দেশের পরও শুরু হয়নি সিইটিপির কাজ
দুই মাসের বেশি সময় ধরে বন্ধ থাকা সাভারের চামড়াশিল্প নগরের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) নির্মাণকাজ এক সপ্তাহের মধ্যে শুরু করার নির্দেশ দিয়েছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। কিন্তু নির্মাণকাজ এখনো শুরু হয়নি।
চামড়াশিল্প নগর প্রকল্প কার্যালয় সূত্র বলছে, সিইটিপির নির্মাণকাজ শুরু হতে আরও এক সপ্তাহ থেকে ১০ দিন লাগবে।
সিইটিপির নির্মাতা প্রতিষ্ঠান জেএলইপিসিএল-ডিসিএল-জেভিকে এ কাজের জন্য সময় বাড়িয়ে দেওয়া হয়নি। সূত্র বলছে, কাজ সম্পন্ন করতে নয় মাস সময় দেওয়ার জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে তা অনুমোদিত হতে পারে। যদিও এখনো ১২ থেকে ১৪ মাস সময় লাগবে বলে মনে করছে প্রকল্প কার্যালয়।
জানতে চাইলে চামড়াশিল্প নগরের প্রকল্প পরিচালক সিরাজুল হায়দার প্রথম আলোকে বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে সিইটিপির নির্মাণকাজ শুরু হবে। ঠিকাদারের কিছু কাগজপত্র অসম্পূর্ণ ছিল, সেটা তাঁদের সম্পূর্ণ করে দিতে বলা হয়েছে। আমরা নির্মাণকাজের জন্য তাঁদের নয় মাস সময় দিতে বিসিকে প্রস্তাব পাঠিয়েছি। শিগগিরই তা অনুমোদন হয়ে যাবে।’
২০০৩ সালের ১৬ আগস্ট একনেকে চামড়াশিল্প নগর প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর কাজ শেষ হওয়ার কথা ছিল ২০০৫ সালে। কিন্তু কাজ শেষ না হওয়ায় দফায় দফায় সময় ও ব্যয় বাড়ানো হয়েছে।
এ শিল্পনগরে ২০৫টি প্লটে ১৫৫টি কারখানা স্থাপন করা হবে। শিল্প মন্ত্রণালয়ের এ প্রকল্পটি বাস্তবায়ন করছে বিসিক।
রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ট্যানারিগুলো স্থানান্তরে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সিইটিপি। সেটির নির্মাণ বিলম্ব হওয়ায় সাভারে ট্যানারি স্থানান্তর করা যাচ্ছে না। এ অবস্থায় গত ২৪ ফেব্রুয়ারি ট্যানারির মালিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে অনুষ্ঠিত বৈঠকে শিল্পমন্ত্রী এক সপ্তাহের মধ্যে সিইটিপির নির্মাণকাজ শেষ করার নির্দেশ দেন।
এ জন্য সিইটিপির নির্মাতা প্রতিষ্ঠানকে তাদের কাজ শেষ করার জন্য নতুন করে সময় দেওয়ার কথা ছিল। এটি না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ শুরু করতে পারছিল না। তবে এই এক সপ্তাহে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সময় দেওয়ার কাজটি সারতে পারেনি প্রকল্প কার্যালয় কিংবা বিসিক।
নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হওয়ায় সিইটিপির নির্মাতা প্রতিষ্ঠানকে আগেও এক দফায় সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল। সে সময় পেরিয়ে যাওয়ায় নতুন করে সময় চায় প্রতিষ্ঠানটি। সেই সময়টা কত দিন হবে, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল প্রকল্প কার্যালয়।
সূত্র বলছে, প্রকল্প কার্যালয় হিসাব করে দেখেছে, সিইটিপির নির্মাণ শেষ করতে ১২ থেকে ১৪ মাস সময় লাগবে। কিন্তু ঠিকাদারকে চাপে রাখতে চায় বলে তারা সময় দিতে চায় নয় মাস। সে রকমই প্রস্তাব পাঠানো হয়েছে বিসিকে। তবে এর পরও সময় দেওয়ার বিষয়টি মাথায় রেখেছে প্রকল্প কার্যালয়।
প্রকল্পের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সিইটিপির অংশ হিসেবে চারটি মডিউল (যেখানে বর্জ্য পরিশোধন হবে) নির্মাণ করার কথা। এর মধ্যে দুটি দ্রুত করে ফেলার চেষ্টা করা হবে। এটা হলেই সেখানে হাজারীবাগ থেকে ট্যানারিগুলো স্থানান্তর করে উৎপাদন শুরু করা যাবে।
২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে হাজারীবাগের সব ট্যানারি সাভারে স্থানান্তর করে সেখানে উৎপাদন শুরু করতে হবে মালিকদের। তবে সিইটিপি নির্মাণ হতেই আগামী বছরের মার্চ থেকে মে মাস পর্যন্ত লেগে যাবে। আবার ট্যানারির মালিকেরাও বেঁধে দেওয়া সময়ের মধ্যে তাঁদের দিককার প্রক্রিয়া শেষ করছে না। এসব কারণে নির্ধারিত সময়ে মধ্যে হাজারীবাগের ট্যানারিগুলো সাভারে স্থানান্তরও সম্ভব হচ্ছে না।