মন্দা-আতঙ্কে স্বর্ণ ও ইয়েনের মূল্যবৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ও ইউরোপের অর্থনীতিতে মন্দা নামার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই আতঙ্কে আর্থিক বাজারে, বিশেষত শেয়ারবাজারে বিনিয়োগকারীরা তাঁদের বিনিয়োগ অন্যত্র সরিয়ে নিতে তৎপর হয়ে উঠেছেন।ফিন্যান্সিয়াল টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে এই মন্দা আতঙ্কের প্রতিফলন দেখা গেছে বিশ্ব আর্থিক বাজারে। সপ্তাহের শেষ দিন একদিকে শেয়ারবাজারগুলোতে বড় দরপতন, অন্যদিকে মুদ্রাবাজারে জাপানি ইয়েন ও সুইস ফ্রাঙ্ক শক্তিশালী হয়ে উঠেছে। আর স্বর্ণের দর আরেক দফা বেড়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে।গত শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দর প্রতি আউন্স এক হাজার ৮৭৭ ডলারে গিয়ে ঠেকেছে। ফলে ১৯৮০ সালের পর এই প্রথমবার টানা দুই সপ্তাহ সবচেয়ে বেশি পরিমাণে স্বর্ণের দর বাড়ল। আবার ১২ বছরের মধ্যে এই প্রথম এক মাসে সর্বোচ্চ দর বৃদ্ধি ঘটেছে। আর ২০০৯ সালের পর এক সপ্তাহের মধ্যে এটা সর্বোচ্চ দর বৃদ্ধি।এ ছাড়া এই পর্যন্ত ২০১১ সালে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৩০ শতাংশ। স্পট বাজারে প্রতি আউন্স স্বর্ণ এক হাজার ৮৫২ দশমিক ৬৫ ডলারে এবং প্রতি আউন্স রৌপ্য ৪২ দশমিক ৯৪ ডলারে সপ্তাহ শেষ করেছে।অবশ্য বিশ্লেষকেরা কেউ কেউ মনে করছেন, খুব শিগগির স্বর্ণের দরে একটা সংশোধনী ঘটবে। সে ক্ষেত্রে আগামী মাসেই স্বর্ণের দর অন্তত আট শতাংশ কমে যাবে। তবে বছর জুড়ে স্বর্ণের দরে ঊর্ধ্বমুখী প্রবণতাই বজায় থাকবে। আর তাই আগামী বছরের প্রথম ভাগে না হলেও মাঝামাঝিতে গিয়ে প্রতি আউন্স স্বর্ণ দুই হাজার ৪০০ ডলার হয়ে যাবে।বিশ্লেষকেরা আরও বলছেন, স্বর্ণের বাজারে এক ধরনের কৃত্রিম স্ফীতি দেখা দিয়েছে। জেফরি রোডস নামের একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘মানুষজন স্বর্ণ কিনছে, কিন্তু কেন কিনছে, তা তারা নিজেরাও জানে না। এটাই সবচেয়ে বড় সমস্যা, যা আসলে বাবল (কৃত্রিম স্ফীতি) তৈরি হওয়ার চিরায়ত লক্ষণ।’তবে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগমাধ্যম হিসেবে বিবেচনা করেই বিনিয়োগকারীরা ক্রমেই এদিকে ঝুঁকছেন বলে আর্থিক বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন। বিশেষত, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে এখন আর কোনো ইতিবাচক আভাস নেই। কাজেই বিনিয়োগকারীরাও আর ভরসা পাচ্ছেন না যে তাঁদের বিনিয়োগ লাভজনক হবে।মুদ্রাবাজার: সিটিব্যাংক এন এ বাংলাদেশ যে সাপ্তাহিক বৈশ্বিক মুদ্রাবাজার পর্যালোচনা প্রতিবেদন প্রস্তুত করেছে, তাতে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে ইউরো মার্কিন ডলারের বিপরীতে প্রায় তিন সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে উঠে গিয়েছিল। অন্যদিকে বুধবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক আমানত বাড়িয়ে তারল্য বাড়ানোর ঘোষণা দেওয়ার পর সুইস ফ্রাঙ্কের শক্তি বেড়ে যায়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে শঙ্কা থেকে এদিন মার্কিন ডলার প্রায় সব মুদ্রার বিপরীতে পড়ে যায়। ওই দিন অস্ট্রেলীয় ও কানাডীয় ডলারের বাড়তি চাহিদা দেখা দেয়। পরের দিন বিনিয়োগকারীরা বেশি সুদের মুদ্রাগুলো ছেড়ে দিতে থাকেন।প্রতিবেদনে আরও বলা হয়, বৃহস্পতিবার ইউরো এবং অস্ট্রেলীয় ও কানাডীয় ডলারের দর পড়ে যায়। অন্যদিকে ডলার, জাপানি ইয়েন ও সুইস ফ্রাঙ্কের দর নিরাপদ বিনিয়োগ হিসেবে বেড়ে যায়। মূলত ওই দিন প্রকাশিত যুক্তরাষ্ট্রের আগস্ট মাসের ব্যবসায়িক কর্মকাণ্ড কমে যাওয়ার তথ্যে এবং দেশটিতে বাড়ি বিক্রি অপ্রত্যাশিতভাবে সাড়ে তিন শতাংশ হ্রাসের খবরে বিনিয়োগকারীরা ঝুঁকিবিমুখ হয়ে ওঠেন। আবার ওই দিনই সুইস কেন্দ্রীয় ব্যাংক সুইস ফ্রাঙ্কের দাম কমানোর জন্য স্পট বাজারে ফ্রাঙ্ক বিক্রি করে ফরওয়ার্ড বাজারে কিনে নিতে থাকে।এসবের বিপরীতে শুক্রবার ইয়েনের বিপরীতে মার্কিন ডলার রেকর্ড সর্বনিম্নে চলে যায়। জাপানি মুদ্রা নিয়ে বাজারে জাপানের কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করবে না, এমন কথায় ইয়েনের দর বেড়ে যায়। শুক্রবার প্রতি মার্কিন ডলার কিছু সময়ের জন্য ইয়েনের বিপরীতে রেকর্ড সর্বনিম্নে ৭৬ ইয়েনের নিচে নেমে আসে।সপ্তাহের শেষে প্রতি ইউরো ১ দশমিক ৪৪০০ ডলারে, প্রতি স্টার্লিং ১ দশমিক ৬৪৬৫ ডলারে, প্রতি ডলার ৭৬ দশমিক ৫৭ ইয়েনে এবং প্রতি ডলার শূন্য দশমিক ৭৮৫৩ সুইস ফ্রাঙ্কের কাছাকাছি লেনদেন শেষ করে।অন্যদিকে গত সপ্তাহ জুড়ে কমেছে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামের ফিউচার্সের সূচক নাইমেক্স। সপ্তাহের প্রথম থেকে বিশ্ব অর্থনীতির সামগ্রিক ভবিষ্যৎ চাহিদা নিয়ে শঙ্কা থেকে তেলের দাম পড়তে থাকে। সপ্তাহের মাঝামাঝিতে তেলের দাম সামান্য বাড়লেও তা শেষ পর্যন্ত টেকসই হয়নি। শুধু শুক্রবারেই ফিউচার্সের নাইমেক্স সূচক প্রতি ব্যারেল প্রায় এক টাকা করে পড়ে যায়। সপ্তাহের শুরুতে ৮৫ দশমিক ৩৪ ডলার থেকে শুক্রবার তা প্রতি ব্যারেল ৮২ দশমিক ৭০ ডলারে সপ্তাহ শেষ করেছে।