মন্দা আবহাওয়ায় আমেরিকার শিল্প উৎপাদন কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরম দুর্যোপূর্ণ আবহাওয়ার কারণে আমেরিকায় জানুয়ারি মাসে শিল্প-কারখানার উৎপাদন হ্রাস পেয়েছে।
এই মাসে দেশটির শিল্প খাতের উৎপাদন আগের মাসের চেয়ে শূন্য দশমিক ৮ শতাংশ কমেছে। গত সাড়ে চার বছরের মধ্যে এটিই হচ্ছে যুক্তরাষ্ট্রের শিল্প খাতে সর্বোচ্চ হারে উৎপাদন কমার দৃষ্টান্ত। তবে আগের বছরের একই সময়ের তুলনায় অবশ্য এই জানুয়ারিতে শিল্পোৎপাদন ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এই তথ্য প্রকাশ করেছে। খবর বিবিসির।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সার্বিকভাবে দেশের শিল্প খাতের উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়েছে।
জানুয়ারিতে বিশেষ করে গাড়িশিল্পের উৎপাদন ব্যাপক হারে বিঘ্নিত হয়েছে। বহু গাড়ির কারখানা অন্তত এক দিন হলেও বন্ধ রাখতে হয়েছে মন্দ আবহাওয়ার কারণে।
বিশ্লেষকেরা অবশ্য টানা ষষ্ঠ মাসের মতো জানুয়ারিতেও যুক্তরাষ্ট্রের শিল্প খাতে প্রবৃদ্ধি হবে বলে আশা করেছিলেন, যদিও শেষ পর্যন্ত ঘটেছে এর বিপরীত।
আলোচ্য মাসে দেশটিতে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সরঞ্জাম, আসবাব ও নির্মাণ উপকরণের উৎপাদন আগের মাসের চেয়ে কমেছে।
ফেডারেল রিজার্ভের মতে, বৈরী আবহাওয়াই জানুয়ারি মাসে শিল্পোৎপাদন হ্রাসের অন্যতম কারণ।
এদিকে, যুক্তরাষ্ট্রে দুই মাস ধরেই খুচরা বিক্রি কমেছে এবং কর্মসংস্থানের হারও স্থবির হয়ে পড়েছে।
মার্কিট-এর প্রধান অর্থনীতিবিদ ক্রিস উইলিয়াম বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে কী ধীরগতি দেখা দিয়েছে নাকি মন্দ আবহাওয়ার কারণে উৎপাদন কমছে সেটিই এখন বিবেচ্য।