মন্দা-উত্তর পরিস্থিতি পোশাক শিল্পের সুযোগ তৈরি করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব অর্থনীতির মন্দা-উত্তর পরিস্থিতি দেশের পোশাকশিল্পের জন্য সুযোগ এনে দিয়েছে। সে সুযোগ গ্রহণের সক্ষমতাও এ শিল্পের রয়েছে। গত ডিসেম্বর শেষে দেশের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৭৩ দশমিক ১১ শতাংশ বেড়েছে।তৈরি পোশাকশিল্প মালিক সমিতি বিজিএমইএর বিদায়ী সভাপতি আবদুস সালাম মুর্শেদী গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের উদ্যোক্তাদের সাহসী ভূমিকা এবং শ্রমিক ভাই-বোনদের নিপুণ হাতের কারুকাজ বিশ্বমন্দার ধাক্কা সামলে এ শিল্পকে বর্তমান অবস্থানে এনেছে।’সালাম মুর্শেদী দুই বছরের সভাপতির দায়িত্ব হস্তান্তরের আগে গতকাল শেষবারের মতো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিজিএমইএর নতুন নির্বাচিত সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, সহসভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।বিজিএমইএর বিদায়ী সভাপতি জানান, তাঁরা বিশ্বমন্দার মধ্য থেকেও ক্রেতাদের কাছ থেকে আশাব্যঞ্জক সাড়া পাচ্ছেন। রপ্তানিকারকেরা ক্রেতাদের কাছ থেকে কাজ পেতেও আগ্রহী। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে স্থানীয় পর্যায়ে গ্যাস-বিদ্যুৎ অর্থাৎ জ্বালানির অপ্রতুলতা, ব্যাংক ঋণের উচ্চ সুদ ও আন্তর্জাতিক বাজারে তুলা ও সুতাসহ অন্যান্য কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি।সালাম মুর্শেদীর মতে, এসব কারণে প্রতিযোগী দেশগুলোর তুলনায় দেশের পোশাক পণ্যের উৎপাদন খরচ বেড়ে গেছে।বিজিএমইএ সভাপতি আরও উল্লেখ করেন, তাঁদের শিল্পগুলোতে বর্তমানে ২৫ ভাগ দক্ষ শ্রমিকের অভাব দেখা দিয়েছে। যে কারণে সক্ষমতার ২৫ ভাগ কম উৎপাদন হচ্ছে কারখানাগুলোতে।সালাম মুর্শেদী আন্তর্জাতিক বাজারে দেশের পোশাকশিল্পের যে সুযোগ তৈরি হয়েছে তাকে কাজে লাগাতে সরকারের কাছে কিছু নীতি সহায়তার দাবি তুলে ধরেন। তিনি বলেন, যত দিন বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতির উন্নয়ন না হয়, তত দিন পোশাকশিল্প খাতের জন্য বিদ্যুতের পিক আওয়ার রেট এবং গ্যাসের সর্বনিম্ন মূল্য পরিশোধ প্রথা বাতিল করতে হবে। চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ৭ এপ্রিল অর্থমন্ত্রী এ ঘোষণা দিয়েছিলেন। এমন আরও তিনটি দাবি তুলে ধরে সালাম মুর্শেদী বলেন, দক্ষ শ্রমিক তৈরিতে ও গ্যাস-বিদ্যুতের সংকটময় পরিস্থিতি থেকে বের হতে সরকার যদি সহায়তা দেয় তাহলে আগামী তিন বছরে এ খাতে রপ্তানি আয় তিন হাজার কোটি ডলারে উন্নীত করা কঠিন হবে না। আর এতে নতুন করে প্রায় আট থেকে ১০ লাখ শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।