মন্দা কাটিয়ে ভারতের রপ্তানি আয় বাড়তে শুরু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক মন্দার ধাক্কা এখন ধীরে ধীরে কাটিয়ে উঠছে ভারত। ২০০৯ সালের ডিসেম্বরে আগের বছরের একই মাসের তুলনায় ভারতের রপ্তানি আয় ১৬ শতাংশ বেড়েছে। এ মাসে রপ্তানি আয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় এক হাজার ৪৬০ কোটি মার্কিন ডলারে, যা গত ১৫ মাসের মধ্যে ছিল সর্বোচ্চ।ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা গত সোমবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ব আর্থিক মন্দার প্রভাবে ২০০৮ সালের অক্টোবর থেকেই ভারতের রপ্তানি আয় একটানা কমতে থাকে। তবে গত বছরের নভেম্বর মাসে প্রথমবারের মতো রপ্তানি আয় ঘুরে দাঁড়ায়। এ মাসে রপ্তানি আয় ছিল এক হাজার ১১৬ কোটি মার্কিন ডলার।আনন্দ শর্মা বলেন, পশ্চিমা দুনিয়ায় ফের ভারতীয় পণ্যের চাহিদা বাড়ার ফলেই রপ্তানি আয় বেড়েছে। মূলত প্রকৌশল পণ্য, গাড়ির যন্ত্রাংশ ও ওষুধপত্রের চাহিদা বাড়ার সুবাদে রপ্তানি আয় বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।মন্ত্রী অবশ্য এ কথাও বলেন, গত দুই মাসে রপ্তানি ইতিবাচক হয়ে উঠলেও তার আগে ১৩ মাস ধরে রপ্তানি হ্রাসের প্রভাব এখনো কাটানো যায়নি। তবে রপ্তানি বাড়ার যে প্রবণতা দেখা গেছে তা অব্যাহত থাকবে বলেই মন্ত্রী মনে করেন।