মন্দা থেকে বেরিয়ে এসেছে ব্রিটেন
আনুষ্ঠানিকভাবে মন্দা থেকে বেরিয়ে এসেছে ব্রিটেন। গতকাল মঙ্গলবার অর্থনীতির যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যায়, ২০০৯ সালের শেষ প্রান্তিকে যুক্তরাজ্যের মোট দেশজ উত্পাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে দশমিক ১০ শতাংশ।এর ফলে টানা ছয় প্রান্তিক জিডিপি সংকুচিত হওয়ার পর দেশটি ইতিবাচক প্রবৃদ্ধির মুখ দেখল। বলা হয়েছে, ১৯৫৫ সাল থেকে প্রান্তিকভিত্তিক জিডিপি প্রবৃদ্ধির হিসাব শুরুর পর এটাই ছিল যুক্তরাজ্যের প্রবৃদ্ধির সবচেয়ে খারাপ অবস্থা।শেষ প্রান্তিকের প্রবৃদ্ধির হিসাব পাওয়ার আগেই অবশ্য আভাস পাওয়া যাচ্ছিল, দেশটি মন্দা থেকে বেরিয়ে আসবে। গত সপ্তাহে কর্মসংস্থানের যে হিসাব প্রকাশ করা হয়, তাতে দেখা যায় যে ১৮ মাসের মধ্যে এই প্রথমবার দেশটির বেকারত্বের হার সামান্য হলেও হ্রাস পেয়েছে।যুক্তরাজ্যই ছিল মন্দার মধ্যে রয়ে যাওয়া বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিগুলোর শেষ দেশ। এর আগে গত বছরই প্রথমে জার্মানি ও ফ্রান্স এবং পরে জাপান ও যুক্তরাষ্ট্র মন্দা থেকে বেরিয়ে আসে।২০০৮ সালের এপ্রিল-জুন প্রান্তিকে যুক্তরাষ্ট্র মন্দায় পতিত হয়। এই সময়কালে ১৩ লাখ লোক কাজ হারায় এবং বেকারত্ব ৭ দশমিক ৯০ শতাংশ হারে বৃদ্ধি পায়। সূত্র: বিবিসি