মন্দা শেয়ারবাজারে আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর ধরে শেয়ারবাজারজুড়ে মন্দাভাব। বিনিয়োগকারীদের হাহাকার। ক্ষোভ, বিক্ষোভও হয়েছে অনেক। এসবের মধ্যেও এক বছরের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগ দ্বিগুণের বেশি বেড়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০১৩-১৪ অর্থবছরে ডিএসইতে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল দুই হাজার ৪৯৪ কোটি টাকা (প্রায় ৩২ কোটি ডলার)। আগের অর্থবছরে (২০১২-১৩) যার পরিমাণ ছিল এক হাজার ২৩০ কোটি টাকা (প্রায় ১৬ কোটি ডলার)। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রকৃত বিদেশি বিনিয়োগ ১০২ শতাংশ বা দ্বিগুণের বেশি বেড়েছে।
আলোচ্য অর্থবছরে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় পাঁচ হাজার ৮৯ কোটি টাকার শেয়ার কেনাবেচা করেছেন। এর মধ্যে তিন হাজার ৭৯২ কোটি টাকার ক্রয়াদেশের বিপরীতে বিক্রির পরিমাণ ছিল প্রায় এক হাজার ২৯৮ কোটি টাকা। ২০১২-১৩ অর্থবছরে বিদেশি লেনদেনের পরিমাণ ছিল প্রায় দুই হাজার ৪৯৬ কোটি টাকা।
২০১০ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির পর থেকেই বাজারে মন্দাভাব চলছে। তার প্রমাণ পাওয়া যায় বাজার পরিসংখ্যানেই। ২০১০ সালের ৫ ডিসেম্বর যেখানে দৈনিক লেনদেন তিন হাজার ২৪৯ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল, গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ২১৮ কোটি টাকার।
বাজারের এমন পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ বেড়ে যাওয়াটাকে কিছুটা আশাপ্রদ বলেই মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তফাতটা এখানে। বাজারের মন্দাবস্থায় বিদেশিরা যেখানে বিনিয়োগে এগিয়ে এসেছেন, সেখানে স্থানীয় বিনিয়োগকারীরা বাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
বাজার থেকে স্থানীয় বিনিয়োগকারীদের মুখ ফিরিয়ে নেওয়ার কারণ হিসেবে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘ধারাবাহিক দরপতনের কারণে বেশির ভাগ বিনিয়োগকারী তাঁদের পুঁজি হারিয়েছেন। এ কারণে তাঁদের পক্ষে বাজারে সক্রিয় থাকা সম্ভব হচ্ছে না। শেয়ারের দাম বাড়তে থাকলে এসব বিনিয়োগকারীর আর্থিক সক্ষমতা বাড়বে।’
ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে মোট এক লাখ ১২ হাজার ১৯০ কোটি টাকার লেনদেন হয়। এর মধ্যে প্রকৃত বিদেশি বিনিয়োগ ছিল দুই হাজার ৪৯৪ কোটি টাকা, যা মোট লেনদেনের মাত্র ২ শতাংশ। গত অর্থবছরের সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ এসেছে গত এপ্রিলে। ওই মাসে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৫৭২ কোটি টাকা।ওই মাসে ডিএসইর মোট লেনদেনের প্রায় ৬ শতাংশ ছিল বিদেশি বিনিয়োগ।
কেউ কেউ বিদেশি বিনিয়োগ বৃদ্ধিকে দীর্ঘ মেয়াদের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করলেও পুঁজিবাজার বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদ আবু আহমেদ তার সঙ্গে দ্বিমত পোষণ করেন।
আবু আহমেদের মতে, ‘বাংলাদেশের বাজারে যে পরিমাণ বিদেশি বিনিয়োগ রয়েছে, সেটি নিয়ে শঙ্কার বড় কোনো কারণ এখনো নেই। মাসে যে পরিমাণ লেনদেন হয়, তার সামান্য একটি অংশ বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আসে । তাই কখনো এসব বিনিয়োগকারী একসঙ্গে সব বিনিয়োগ তুলে নিলেও সেটি সামাল দেওয়ার মতো সক্ষমতা আমাদের বাজারে রয়েছে।’
দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ নিয়ে কাজ করে এমন ব্রোকারেজ হাউসের মধ্যে শীর্ষস্থানীয় হলো: ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, সিটি ব্রোকারেজ, আইডিএলসি সিকিউরিটিজ, লংকাবাংলা সিকিউরিটিজ প্রভৃতি।
জানতে চাইলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রহমত পাশা প্রথম আলোকে বলেন, বিগত জাতীয় নির্বাচন সামনে রেখে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বেড়েছিল। বিদেশি বিনিয়োগকারীদের ধারণা ছিল নির্বাচন-পরবর্তী ব্যবসা-বাণিজ্যে কিছুটা গতি সঞ্চার হবে। আর ওই সময় দেশের রাজনৈতিক সহিংসতার কারণে বাজারের সূচকও ক্রমাগত িনচে নামছিল। সেই সুযোগটিকেই কাজে লাগিয়েছেন বিদেশিরা। তার সুফলও তাঁরা নির্বাচন-পরবর্তী সময়ে কিছুটা পেয়েছেন।
বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে লেনদেনের অভিজ্ঞতা থেকে রহমত পাশা জানান, সাধারণত বিদেশিরা বাজারের খারাপ সময়ে বিনিয়োগ করেন। তিন থেকে পাঁচ বছর মেয়াদে এই বিনিয়োগ করে থাকেন। এ সময়ের মধ্যে প্রত্যাশিত লাভ পেলে হাতে থাকা সিকিউরিটিজ বিক্রি করে দেন। আবার যখন শেয়ারের দাম নিচে নামতে থাকে, তখন খুব বেশি লোকসানের আগেই বেরিয়ে যান।
খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশের শেয়ারবাজারে বিদেশি যেসব প্রতিষ্ঠান বিনিয়োগ করে, তাদের বেশির ভাগই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যভিত্তিক। এ ছাড়া সিঙ্গাপুর, মালয়েশিয়ার কিছু প্রতিষ্ঠানেরও বিনিয়োগ রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে জেপি মর্গান, গোল্ডম্যান স্যাকসের মতো প্রতিষ্ঠান। বিশ্বজুড়ে এসব প্রতিষ্ঠান বিনিয়োগ ব্যাংক হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের তহবিল ব্যবস্থাপনার কাজও করে থাকে।
জানা গেছে, এশিয়ার বিভিন্ন সম্ভাবনাময় শেয়ারবাজারে বিনিয়োগের জন্য আন্তর্জাতিক এসব প্রতিষ্ঠানের আলাদা তহবিল রয়েছে।