
চট্টগ্রামে র্যাডিসন ব্লু হোটেল মিলনায়তনে কাল বুধবার চার দিনব্যাপী আবাসন মেলা শুরু হচ্ছে। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) দশমবারের মতো এই মেলার আয়োজন করছে।
গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান রিহ্যাবের সহসভাপতি ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী। এ সময় মেলা কমিটির চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী, আঞ্চলিক কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক ও মো. দিদারুল হক চৌধুরী, মিডিয়া কমিটির আহ্বায়ক এ এস এম আবদুল গাফফার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আবদুল কৈয়ূম চৌধুরী আবাসন খাতে নিবন্ধন ফি, কর ও মূসক কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এলপি গ্যাস সহজলভ্য না হওয়া পর্যন্ত নির্মাণাধীন প্রকল্পগুলোতে পাইপলাইনের গ্যাস নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, আবাসন খাতে গতি ফেরাতে দীর্ঘ মেয়াদে ৫ থেকে ৭ শতাংশ সুদে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন করা উচিত।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, তিন-চার বছরের টানা মন্দার পর আবাসন খাত এখন ঘুরে দাঁড়িয়েছে। এই খাতে ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে ফ্ল্যাট বিক্রি অন্তত ৩০ শতাংশ বেড়েছে। দেড়-দুই বছর আগে চট্টগ্রামে কয়েক হাজার অবিক্রীত ফ্ল্যাট পড়ে থাকলেও এখন তা কমে ৫০০-এর নিচে নেমেছে। মূলত এক অঙ্কের সুদের ব্যাংকঋণ ও প্রবাসীদের জন্য ব্যাংকঋণ-সুবিধা প্রদানে সরকারি সিদ্ধান্তের কারণে এ খাতে আশার আলো তৈরি হয়েছে।
কয়েকটি আবাসন প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, রিহ্যাবের সদস্যের বাইরে কেউ গ্রাহকদের সঙ্গে প্রতারণা করলে রিহ্যাবের কিছু করার নেই। তবে সদস্যপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে একটি কমিটির মাধ্যমে এসব অভিযোগ নিষ্পত্তি করা হয়। গত ছয় মাসে ৩২টি অভিযোগের মধ্যে ২৫টি নিষ্পত্তি করা হয়েছে। অভিযোগ নিষ্পত্তির সময় গ্রাহকদের স্বার্থ প্রাধান্য দিয়ে থাকে রিহ্যাব। কারণ, গ্রাহকদের আস্থা অর্জন করতে না পারলে এই খাতে গতি ফেরানো যাবে না। রিহ্যাবের সদস্য ছাড়া কেউ আবাসন ব্যবসা করতে পারবে না—এমন আইন করা হলে গ্রাহকদের সুরক্ষা বাড়বে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘স্বপ্নিল আবাসন সবুজ দেশ, লাল-সবুজের বাংলাদেশ’ স্লোগানে কাল বুধবার সকালে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের এই মেলা উদ্বোধন করার কথা রয়েছে। এবারের মেলায় ৯০টি স্টলে ৭২টি আবাসন ও আবাসন খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আবাসন প্রতিষ্ঠান ছাড়াও ১০টি ভবন নির্মাণসামগ্রী ও ৮টি আর্থিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বুধবার উদ্বোধনী দিনে বেলা ২টা থেকে এবং এরপর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫০ টাকার টিকিট কিনলে মেলায় একবার প্রবেশ করা যাবে, ১০০ টাকার টিকিটে একাধিকবার প্রবেশের সুযোগ মিলবে। টিকিটের ওপর প্রতিদিন লটারির মাধ্যমে পুরস্কার দেওয়া হবে।