মন্দার পেছনে ঋণ মূল্যায়নকারী সংস্থাগুলোরও ভূমিকা রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক সংকট ও এর জের ধরে সৃষ্ট বিশ্বমন্দার পেছনে ঋণ মূল্যায়নকারী সংস্থাগুলোর (ক্রেডিট রেটিং এজেন্সি) দায় ও ভূমিকা রয়েছে। কারণ, এগুলোতে অভাব ছিল সুশাসনের।আন্তর্জাতিক ঋণ মূল্যায়নকারী সংস্থা মুডিজ করপোরেশনের সাবেক চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন রাদারফোর্ড জুনিয়র এই অভিমত ব্যক্ত করেছেন।গতকাল সোমবার রাজধানীর মেট্রোপলিটন চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিশ্বব্যাপী অর্থনৈতিক বিপর্যয় এবং ব্যাংকসমূহের নিয়ন্ত্রণে ব্যাসেল কমিটির পদক্ষেপ’ শীর্ষক এক সেমিনারে প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।সেমিনারের যৌথ আয়োজক ছিল ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (ক্র্যাব) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশ (এবিবি)। এবিবির সভাপতি কে মাহমুদ সাত্তার সেমিনার সঞ্চালনা করেন।জন রদারফোর্ড তাঁর প্রবন্ধে সাম্প্রতিক বিশ্বমন্দার কয়েকটি সম্ভাব্য কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, গত কয়েক বছরে টেকসই অর্থনীতিসম্পন্ন দেশগুলোতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়েনি। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে বরং আবাসন খাতে সম্পদের অসম বণ্টন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের আবাসন খাতে বিপুল পুঁজি ঢুকেছে, যা পরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেখাতে হয়েছে বাণিজ্যিক ও বিনিয়োগ ব্যাংকের উদ্বৃত্তপত্রে।ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যে স্বল্প সময়ের জন্য বড় বড় অঙ্কের বিনিয়োগ করেছে, একে তিনি আশ্চর্যজনক বলে অভিহিত করেন।সামস্টিক অর্থনীতিতে বিপর্যয়ের কারণ সম্পর্কে রদারফোর্ড বলেন, স্বল্প সুদে বিপুল পরিমাণ তারল্য সরবরাহ, অর্থ খাতে নতুন নতুন পণ্যের উদ্ভাবন এবং ব্যাপক বিশ্ববৈষম্যের কারণে বিনিয়োগকৃত অর্থের যথাযথ ঝুঁকি নিরূপণ করা যায়নি। আর কোম্পানিগুলোতে সুশাসনের অভাব তো ছিলই। ব্যর্থতা ছিল নিয়ন্ত্রক সংস্থা, তদারক সংস্থা ও সংকট মোকাবিলা ব্যবস্থাপনারও।রদারফোর্ড বলেন, ব্যাংকগুলো ঋণগ্রহীতাদের কাছ থেকে ঋণ ফেরত পাওয়ার ব্যাপারে মোটেই চিন্তিত ছিল না। বেখেয়াল ছিল নিজেদের তারল্য রক্ষার ব্যাপারেও।রদারফোর্ড আরও বলেন, ঋণ মূল্যায়নকারী সংস্থাগুলো ঝুঁকি নির্ণয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। সুশাসনের অভাব ছিল এই সংস্থাগুলোতেও।ব্যাংক খাতের ব্যাসেল-২ বাস্তবায়নে তিনটি প্রধান ভিত্তি রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এগুলো হচ্ছে ন্যূনতম মূলধন, তদারকি পর্যালোচনা ও বাজার শৃঙ্খলা।রাদারফোর্ড জানান, ‘যুক্তরাষ্ট্র এখনো ব্যাসেল-২ বাস্তবায়ন শুরু করেনি। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এটি বাস্তবায়নের পথে যাবে বড় বড় ব্যাংকগুলো।’আলোচনায় অংশ নিয়ে সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বলেন, ‘অর্থ খাতের বড় কোম্পানিগুলোর বড় ধরনের ব্যর্থতা বিশ্বমন্দা ডেকে এনেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোতে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিপর্যয়ের কারণে বিশ্বব্যাপী আজ বহুমুখী সংকট তৈরি হয়েছে। তাই শুধু জাতীয় নয়, বিশ্ব সুশাসনব্যবস্থারই নিশ্চিত করতে হবে।’মির্জ্জা আজিজ বলেন, ‘বিস্ময় লাগে, সংশ্লিষ্ট দেশগুলোর নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাজটা তাহলে কী ছিল? সবাই মিলে ব্যর্থ হলো কীভাবে?’ এসব বিবেচনায় রেখে ভবিষ্যত্ মন্দা মোকাবিলার উপায় বের করার পরামর্শ দেন তিনি।ঢাকা চেম্বারের পরিচালক শাহজাহান খান বলেন, ‘ব্যাসেল-১ কার্যকর থাকার পরও ১৯৯৮ সালের মন্দা ঠেকানো যায়নি।’ বিদ্যমান মন্দা বা ভবিষ্যতের মন্দা ঠেকাতে ব্যাংক খাতে ব্যাসেল-২ বাস্তবায়ন যথেষ্ট কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।ক্র্যাব উপদেষ্টা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘মন্দা হওয়া বা তা ঠেকানো—দুটিতেই সরকারের দায় ও ভূমিকা রয়েছে। মূলত দুর্বল নিয়ন্ত্রণব্যবস্থার কারণে এমন বিপর্যয় নেমে আসে।’বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক আবদুল ওয়াদুদ বলেন, ‘ব্যাসেল-২ বাস্তবায়নে বাংলাদেশ বেশ তাড়াহুড়ো করছে বলে অনেকে বলাবলি করছে। ব্যাপারটি মোটেও সত্যি নয়। ২০০৭ সাল থেকে ব্যাসেল-২ বাস্তবায়নের নির্দেশনা দিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক।’সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্র্যাবের ব্যবস্থাপনা পরিচালক হামিদুল হক, ভারতের ঋণ মূল্যায়নকারী সংস্থা ইকরা লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও সিইও পি কে চৌধুরী, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ক্র্যাব পরিচালনা পর্ষদের সদস্য এম আনিস উদ্দৌলা, এ কে এম রফিকুল ইসলাম, এম হায়দার চৌধুরী, এবি ব্যাংকের ডিএমডি ফারুক মঈনউদ্দীন প্রমুখ। সেমিনারে ধন্যবাদ বক্তব্য দেন ক্র্যাবের ভাইস চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব মতিউল ইসলাম।