মফস্বলের মানুষকে করছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা সদরের পৌরসভা এবং উপজেলা ও গ্রামগঞ্জ পর্যায়ের কর শনাক্তকরণ নম্বর বা টিআইএনধারীদের কর প্রদানে উৎসাহিত করতে নতুন বাজেটে কিছুটা কর ছাড় দেওয়া হয়েছে। তাঁদের জন্য ন্যূনতম করহার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মূলত করজাল বিস্তৃত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সে অনুযায়ী জেলা সদরের পৌরসভার টিআইএনধারীদের ন্যূনতম দুই হাজার টাকা কর দিতে হবে। আর উপজেলাসহ অন্য এলাকার টিআইএনধারীদের দিতে হবে কমপক্ষে এক হাজার টাকা কর। বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার সময় এই করের অর্থ জমা দিতে হবে। এত দিন টিআইএন থাকলেই বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার সময় কমপক্ষে তিন হাজার টাকা দেওয়ার বিধান ছিল। 

এ বিষয়ে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছেন, আর্থিক বৈষম্য হ্রাস করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বর্তমান সরকারের অঙ্গীকার বাস্তবায়নে সিটি করপোরেশনকেন্দ্রিক করদাতার ন্যূনতম আয়কর তিন হাজার টাকা বহাল রেখে জেলা শহরভিত্তিক পৌর এলাকার করদাতাদের জন্য ন্যূনতম তিন হাজার টাকা এবং জেলা সদরের বাইরে অবস্থিত অন্যান্য এলাকা বা গ্রামীণ এলাকার করদাতাদের ন্যূনতম আয়কর এক হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।